
শেষ আপডেট: 24 January 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আড্ডা টাইমসে মুক্তি পেয়েছে 'ক্যাবারে' সিরিজের ট্রেলার। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন পূজা ব্যানার্জি, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভজিৎ কর প্রমুখ। ট্রেলার দেখে গল্পের আঁচ পাওয়া যায়। সেই পূর্বাভাস থেকেই বলা যায় এই সিরিজ একজন সাধারণ মেয়ের ক্যাবারে ডান্সার হয়ে ওঠার কাহিনী। অনেক বছর পর আবার পূজা ব্যানার্জিকে দেখা যাবে ওটিটিতে। সঙ্গে থাকবে সত্যম ও শুভজিতও। যাদের অভিনয় আগেও দর্শকদের মুগ্ধ করেছে। এই সিরিজ নিয়ে তাই সকলের আশা যথেষ্টই।
সুরিন্দর ফিল্মজের আড্ডা টাইমসে সিরিজ সিনেমা মুক্তির গতি বেশ শ্লথ। প্রতিযোগিতার বাজারে নিজেকে দাঁড় করানোর জন্য সর্বক্ষণ টানটান উত্তেজনার মধ্যে দর্শককে রাখতে হয়। আজকে সবার মুঠো ফোনে হিন্দি, বাংলা, ইংরেজি সহ আরও বিভিন্ন ভাষার ওটিটির সমাহার। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে প্রায় প্রতি দুই সপ্তাহ অন্তর কোনও না কোনও সিরিজ বা সিনেমা মুক্তি পাচ্ছে। তাই এই বাজারে টিকে থাকতে গেলে কম সময়ের মধ্যে ভালো কাহিনী নিয়ে দর্শকের সামনে আসাটা প্রায় বাজারের চাহিদা।
দুটো স্ক্রিনের জন্য ১১৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশনের আগ্রহ তখনই দর্শকদের মধ্যে তৈরি হবে যখন তারা তাদের পছন্দের নতুন নতুন কন্টেন্ট দেখতে পাবেন। আড্ডা টাইমসে 'ক্যাবারে'-এর আগে মুক্তি পায় 'সিন', যেখানে মুখ্য চরিত্রে দেখা যায় ত্রিধা চৌধুরীকে। এই সিরিজটি দর্শকদের মনে খুব একটা জায়গা করতে পারেনি। এছাড়াও আগের কয়েকটি সিরিজ চক্রব্যূহ, কথামৃত নিয়েও খুব একটা আলোচনা হয়নি।

এই একই সময় হইচইতে মুক্তি পেয়েছে সম্পূর্ণা, দুর্গ রহস্য, পর্ণশবরীর শাপ, যা দর্শকদের পছন্দের তালিকায় পৌঁছে গেছে মুহূর্তে। অন্যদিকে ক্লিকে মুক্তি পায় রাজা রানি রোমিও, পিকাসো। এইগুলি নিয়ে সাধারণ দর্শকেরা আলোচনা করলেও, আড্ডা টাইমসকে যেন ধীরে ধীরে ভুলে যাচ্ছে। সেটার জন্য দায়ী কাহিনী, অভিনয় না অন্যকিছু তা বলা বেশ শক্ত।
সুরিন্দর ফিল্মজের শেষ কয়েকটি সিনেমা গত বছর মুক্তি পায়। তবে কাবেরী অন্তর্ধান, অর্ধাঙ্গিনী ছাড়া ২০২৩ সালে তেমন কোনও সিনেমাই দর্শকদের মনে জায়গা করতে পারেনি।

বাংলা সিনেমা সিরিজের বাজারে টিকে থাকতে গেলে ভাল কাহিনীর সঙ্গে দরকার ভাল অভিনয়ও। তবে শেষ কথা ব্যবসা। আর ব্যবসার অন্যতম দিকই হল মার্কেটিং। অন্যান্য ওটিটি ছেড়ে আড্ডা টাইমসে দর্শকদের বুঁদ করে রাখার জন্য তাদের এই প্রত্যেকটি বিষয়েই আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন।