
কঙ্গনা রানাউত ও অন্নু কাপুর
শেষ আপডেট: 21 June 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগে চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে চড় মেরেছিলেন এক সিআইএসএফ জওয়ান। তাই নিয়ে গোটা দেশে ঝড় বয়ে গেছিল। সেই জের খানিক থিতিয়ে যাওয়ার পরে নতুন করে বিতর্ক উস্কে দিলেন অন্নু কাপুর। তাঁর আসন্ন ছবি 'হামারা বারাহ'-র প্রচারে কঙ্গনা রানাউতের প্রসঙ্গ উঠলে তিনি প্রশ্ন করেন, 'কে এই কঙ্গনা? বলুন না, কঙ্গনা কে? আপনারা তাঁকে নিয়ে প্রশ্ন করছেন যখন, তাহলে খুব বড় কোনও নায়িকা হবে হয়তো! তিনি খুব সুন্দরী বুঝি?' এমন ভাবেই এই কথা বলেন অন্নু কাপুর, যেন কঙ্গনাকে তিনি চেনেনই না!
এমন প্রতিক্রিয়ায় সকলেই অবাক হয়ে যান। তখন ওই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একজন অন্নু কাপুরকে বলেন, কঙ্গনা একজন অভিনেত্রী, পাশাপাশি তিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত নতুন সাংসদও বটে। একথা শুনে অন্নু কাপুর ফের বলেন, 'ও হো, সাংসদও হয়ে গেছেন বুঝি! তাহলে তো এখন আরও শক্তিশালী হয়ে গেছেন উনি!'
এর পরে অন্নু কপুর বলেন, 'আমি যদি এমন কথা বলে থাকি তাহলে সবাই বলবে, অন্নু কাপুর আজেবাজে কথা বলেন। তারপর যদি আমায় কেউ থাপ্পড় মারে, তাহলে আমি তার জন্য আইনি পদক্ষেপ করব।'
View this post on Instagram
এদিন অন্নু কাপুর কঙ্গনা রানাউতকে নিয়ে এমন অদ্ভুত প্রতিক্রিয়া দেওয়ার পাশাপাশি, বলিউডের পরিচালক সঞ্জয় লীলা বনসালির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন, হিন্দুদের নিয়ে মজা করার। পদ্মাবত ছবি প্রসঙ্গে এই অভিযোগ তোলেন তিনি।
প্রসঙ্গত, বহুদিন ধরেই বিতর্কের ফাঁসে আটকে ছিল অন্নু কপুরের ছবি 'হামারে বারাহ'। অভিযোগ উঠেছিল, এই ছবিটি মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছে। তাই ৭ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও, তা সম্ভব হয়নি। অবশেষে এই ছবি আদালত থেকে গ্রিন সিগন্যাল পেয়ে ২১ জুন মুক্তি পেতে চলেছে। এদিনের অনুষ্ঠানে অন্নু কাপুর আরও বলেন, তিনি নিজে নাস্তিক। কোনও ধর্মে বিশ্বাসী নন। তাই তিনি কখনওই ধর্মীয় বিতর্কে জড়াতে চান না।