
শেষ আপডেট: 9 May 2023 09:30
দ্য ওয়াল ব্যুরো: হরর ফিল্ম '১৯২০ লন্ডন' ছবির সেই মিষ্টি, শান্তশিষ্ট মেয়েটা নজর কেড়েছিলেন সকলের। এরপরে আরও অনেক ছবিতেই অভনয় করেছেন, কিন্তু তেমনভাবে লাইমলাইটে আসেননি। বড় ব্রেকও তেমন আসেনি। অবশেষে বহু প্রতীক্ষিত সেই ‘ব্রেক’ পেয়েছেন সেই অভিনেত্রী। শুধু ব্রেক নয় একেবারে তোলপাড় ফেলে দিয়েছিলেন গোটা দেশে। তাঁর অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) এখন চারদিকে চর্চার কেন্দ্রে। আর সকলের নজর এখন মুম্বই-কন্যা অভিনেত্রী আদা শর্মার (Adah Sharma) দিকেই।

কেরলের এক হিন্দু তরুণীকে জোর করে ধর্মান্তরিত করে সিরিয়ার জঙ্গি দলে যোগ দিতে পাঠানোর নানা চক্রান্ত জীবন্ত হয়ে উঠেছে সিনেমার গল্পে। দেখানো হয়েছে কীভাবে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে জঙ্গি দলে পাঠায় আইসিস। সিনেমার এই গল্প নিয়েই তাই তুমুল বিতর্ক শুরু হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্র শালিনী উন্নিকৃষ্ণাণের ভূমিকায় অভিনয় করেছেন আদা। ভাগ্যের ফেরে তিনি শালিনী থেকে ফতিমা হয়েছেন। তাঁর লড়াইয়ের গল্পই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায়।

কথায় বলে না, যত বিতর্ক, ততই নাম। কেরালা স্টোরি নিয়ে যত বিতর্ক হচ্ছে, ততই আয়ের বহর বাড়ছে ছবির। আদার অভিনয়ও দাগ কেটেছে দর্শকদের মনে। ‘কমান্ডো ২’, ‘কল্কি’, ‘চার্লি চ্যাপলিন ২’-এর মতো বলিউড ছবি তাঁকে যে নাম এনে দিতে পারেনি, তাই পুষিয়ে দিয়েছে 'দ্য কেরালা স্টোরি'। আর সিনেমার বাঙালি ডিরেক্টর তো শোরগোল ফেলে দিয়েছেন। জলপাইগুড়ির ছেলে সুদীপ্ত সেন এর আগে ছোটখাটো কাজ করলেও এটাই তাঁর মাস্টারস্ট্রোক। একটা সিনেমাই বিখ্যাত করে দিয়েছে তাঁকে। অনেকে তো এও বলছেন, ফতিমার চরিত্রে আদাকে বেছে নিয়ে সেরা কাজই করেছেন সুদীপ্ত।


পড়াশোনা বিশেষ হয়নি আদার। মুম্বইয়ে জন্ম। অক্সিলিয়াম কনভেন্ট হাইস্কুলে পড়াশোনা শেষ করেই অভিনয় ও মডেলিংয়ের জগতে হাতেখড়ি। আদার বাবা এস.এল শর্মা ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। মা শিলা শর্মা নৃত্যশিল্পী। ছোট থেকে নাচের তালিম নিতেন মায়ের কাছে। কত্থক, ভারতনাট্যম থেকে সালসা--সবরকম নাচেই পারদর্শী আদা। সালসা, ব্যালে, জ্যাজ়ও শিখেছেন।

বড় পছোট থেকেই স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তাই পড়াশোনা করলেও মন ছিল অভিনয়ের দিকেই। স্কুলের পড়াশোনায় ইতি টেনে তাই রূপোলি পর্দায় পা রাখা। বড় পর্দায় তেমন নাম না হলেও পরিচিত মুখ ছিলেন আদা। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ছবিতে অভিনয় করেছেন। অসংখ্য ওয়েবসিরিজ, স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও দেখা গেছে আদাকে। তিনি বিজ্ঞাপনেরও পরিচিত মুখ।
বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', তামিলনাড়ুতে বন্ধ প্রদর্শন, সুপ্রিম কোর্টে ছবির নির্মাতারা

শোনা যাচ্ছে, আদা এখন কোটি কোটি টাকার মালিক। ৩০ বছর বয়সে আদার সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি। দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক যতই হোক, ছবিটি সিনেমা হলে গিয়ে দেখার অনুরোধ করেছেন আদা। সমালোচকদের কাছে তাঁর আর্জি, ‘‘যাঁরা বিতর্কে ইন্ধন দিচ্ছেন, তাঁরা আগে ছবিটি দেখুন। তার পর তা নিয়ে মন্তব্য করবেন।’’