
শেষ আপডেট: 15 February 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো: প্রেমদিবস এক একজনের কাছে এক এক রকম। কেউ এই বিশেষ দিনটা নিজের সঙ্গীর সঙ্গে কাটাতে চায়। কেউ আবার বাড়িতেই কাছের মানুষদের সঙ্গে আনন্দ করে। তবে এই বছর আবার ডবল ধামাকা ছিল। একে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সঙ্গে আবার সরস্বতী পুজোও। আর সরস্বতী পুজো মানেই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তাই এইদিন শহর জুড়ে যেন প্রেমের সুবাতাস রয়েছে।
এইদিন গোটা টলিপাড়া নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। প্রায় সকলেই কোনও না কোনওভাবে পুজোর সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তবে তাঁদের মধ্যে নজর কাড়লেন ওপার বাংলার সুন্দরী জয় আহসান। তাঁকে দেখা গেল বাড়িতে একেবারে ছাপোষা সাজে। মেকআপ নেই, সাজের বহর নেই, তবুও কত সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে।
জয়া ভালবাসার দিনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন। যেখানে অভিনেত্রী এক ঝুড়ি স্ট্রবেরি নিয়ে বসেছেন। এটা যে সে স্ট্রবেরি না, পুরো চকলেটে ডিপ করা। ঝুড়িটি কোলে নিয়ে বসে মন দিয়ে খেয়ে চলেছেন। সঙ্গে ছিল লাল রঙের হৃদয়ের আকারের কেকও। প্রেম দিবসে কে এত গিফট দিলেন জয়াকে?
View this post on Instagram
রহস্য না করে নিজেই এর উত্তর দিলেন। ক্যাপশনে লিখেছেন ‘ভ্যালেন্টাইন্স ডে-র সেরা উপহার, আমার বোনের তরফ থেকে।‘ বোন কান্তা মাসুদ জয়ার জন্য উপহার পাঠিয়েছিলেন। নিজের পোষ্যদের সঙ্গে বসে সেটাই খাচ্ছিলেন তিনি।
এর আগে দ্য ওয়ালের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানান প্রেম দিবসে অনেক কিছুই করার প্ল্যান ছিল তাঁর। শাড়ি পরে বন্ধুদের সঙ্গে বেরনো বা পাশের পার্কে হাঁটতে যাওয়া। সেসব কিছুই এবার হবে না, কারণ কাজ আছে। কাজ সেরেই দিনের শেষে নিজের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না তিনি। প্রেম করছেন কিনা জিজ্ঞেস করলে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান।
সম্প্রতি মুক্তি পেয়েছে ওঁর দুটি ছবি 'ভূতপরী' এবং বাংলাদেশে 'পেয়ারার সুবাস'। সামনেই ভারত ও বাংলাদেশ মিলিয়ে তাঁর আরও কিছু সিনেমা মুক্তি পেতে চলেছে।