
কেমন আছেন শশী-কন্যা সঞ্জনা?
শেষ আপডেট: 15 January 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'ট্যাক্সি'কে চেনেন? টিকালো নাক, বড় চোখ, রহস্যময় হাসি... তিনি শশী কাপুর। একের পর এক হিট দিয়েছেন ফিল্ম দুনিয়াকে। তাঁর আইকনিক নাচের স্টাইল, সুন্দর চেহারার ভক্তের সংখ্যা গুণে শেষ করা যাবে না। স্ত্রী গত হয়েছিলেন আগেই। ২০১৭ সালের ৪ ডিসেম্বর প্রয়াত হন শশী কাপুরও।
শশী কাপুরের তিন ছেলে মেয়ে। তবে দুই ছেলে ও এক মেয়ে কেউই বলিউডে অভিনয় সফলতা অর্জন করতে পারেননি। যদিও তিন জনই তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন অভিনয় দিয়েই। আজ তাঁরা কোথায়? শশীর একমাত্র আদরের মেয়ে সঞ্জনা কাপুর আজ কী করেন জানেন?
সালটা ছিল ১৯৫৮। ব্রিটিশ অভিনেত্রী জেনিফার কেন্ডেলকে বিয়ে করেন শশী। ছোট থেকেই সাংস্কৃতিক বাতাবরণেই বড় হয়ে ওঠেন জেনিফার। বাবার নাটকের দলও ছিল। নাম 'শেক্সপিয়ারানা'। কলকাতাতেই প্রথম দেখা হয় শশী ও জেনিফারের। সেখান থেকেই প্রেম ও ১৯৫৮ সালে বিয়ে।
পরের বছরই ১৯৫৯ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান কুনাল কাপুর। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ১৯৬২ সালে, বাবা-মা ভালবেসে নাম দেন করণ কাপুর। ১৯৬৭ সালের ২৭ নভেম্বর জন্ম নেয় তাঁদের তৃতীয় সন্তান সঞ্জনা কাপুর। সম্পূর্ণ হয় গোটা বৃত্ত।
বাবা-মায়ের মতো অভিনয়কেই পেশা হিসেবে নিয়েছিলেন সঞ্জনা। অপর্ণা সেনের প্রথম পরিচালিত ছবি '৩৬ চৌরঙ্গী লেন'-এর কথা মনে আছে? ওই ছবির হাত ধরেই ডেবিউ হয় সঞ্জনার। ছবিটির প্রযোজক ছিলেন খোদ শশী কাপুর। সঞ্জনার মা জেনিফারও ওই ছবিতে ছিলেন মুখ্য চরিত্রে। ছবিটি কিন্তু সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। সঞ্জনাও কাজ পেতে থাকেন একের পর এক। ‘উৎসব’, ‘সালাম বম্বে’, ‘হিরো হিরালাল’– ছবিতেও কাজ করতে দেখা যায়। তবে হায়! '৩৬ চৌরঙ্গী লেন'-এর পরে তাঁর আর কোনও ছবিই বক্স অফিসে সে ভাবে পারফর্ম করেনি।"
বলিউডে কাজ ক্রমশ কমতে থাকে তাঁর। সিনেমা থেকে কার্যত বিদায় নেন তিনি। তবে অভিনয়কে মন থেকে মুছে ফেলতে পারেননি সঞ্জনা। ২০১২ সালে নিজের থিয়েটার গ্রুপ ‘জুনুন’ তৈরি করেন। মঞ্চনাটকের মধ্যে দিয়েই আবার খুঁজে পান নিজেকে। সেই থিয়েটার গ্রুপ আজও চলছে। বলিউডের স্পটলাইট থেকে নিজেকে দূরে রেখে এই পেশাকেই করেছেন আপন। তাঁর দুই দাদাও প্রথম দিকে অভিনয় করলেও আজ তাঁরা অন্য পেশায়। কুণাল কাপুর বলিউডের একজন বিখ্যাত অ্যাডগুরু। অন্যদিকে করণ কাপুর একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত ফটোগ্রাফার। সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত সিরিজ 'ব্ল্যাক ওয়ারেন্ট'। ওই সিরিজে যার অভিনয় সকলের মন কেড়ে নিচ্ছে তিনি জাহান কাপুর। জাহানের পরিচয় জানেন? কুণাল কাপুরের ছেলে তিনি। শশী কাপুর তাঁর ঠাকুরদা।