
শেষ আপডেট: 9 February 2021 14:31
আজ অমৃতা সিংয়ের জন্মদিন। সকালেই মাকে ভালবাসা জানিয়ে কয়েকটি ছবি শেয়ার করেছেন সারা। ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন, আমার পৃথিবী। আমার আয়না, আমার শক্তি, আমার অনুপ্রেরণা শুধু তুমিই।" দেখেই বোঝা যাচ্ছে, সাম্প্রতিক মালদ্বীপ বেড়ানোর ছবিই শেয়ার করেছেন সারা।
অর্থাৎ কাজের ফাঁকে ছুটি পেলে, মা, ভাইকে নিয়েই সময় কাটাতে পছন্দ করেন সারা! যদিও এসব লোকমুখে শোনা কথা নয়, কারণ বারবার সারার কথাতেই উঠে উসেছে মায়ের প্রতি আবেগের কথা। তখন সারার ৯ বছর বয়স যখন সেফ আলি খান এবং অমৃতা সিংয়ের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে মা-ই তাঁর সব, মা-ই তাঁর গোটা পৃথিবী।
এক সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, "আমি সারাজীবন মায়ের কাছেই থাকতে চাই। কিন্তু মা এটা শুনলে একটু রাগই করেন। কারণ আমার বিয়ে নিয়ে নাকি তাঁর অনেক ভাবনাচিন্তা রয়েছে। কিন্তু বিয়ে করলেও সে আমার কাছে থাকতে পারে, তাতে তো কোনও অসুবিধা নেই তাই না!"
শুধু তাই নয়। সারা এও জানান, মা যেমন তাঁর সবচেয়ে কাছের বন্ধু, তেমনই মাকেই তিনি সবচেয়ে বেশি ভয় পান। সেই সাক্ষাৎকারে সারা বলেন, "আমি মা, ভাইয়ের সঙ্গে ঘুরতে যেতে বেশি পছন্দ করি। কিছুদিন মায়ের থেকে দূরে থাকলেই, আমি মিস করতে শুরু করি। মায়ের থেকে আমি কোনও দিন কিচ্ছু লুকিয়ে রাখিনি। কিন্তু তবুও আমি সবচেয়ে বেশি ভয় পাই মাকে।"