
সলমন খান
শেষ আপডেট: 25 February 2025 16:38
দ্য ওয়াল ব্য়ুরো: বলিউডে সলমন খানের (Salman Khan) প্রভাব কতটা, তা আলাদা করে বলার দরকার নেই। তাঁর ব্যক্তিত্ব, জনপ্রিয়তা—সব মিলিয়ে তিনি বলিউডের ভাইজান। কিন্তু জানেন কি, এই সুপারস্টার একবার এক পার্টিতে রাগের বশে চড় মেরেছিলেন বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাইকে (Subhash Ghai)? সেই সময় এই ঘটনা নিয়ে বেশ চর্চা হয়, আজও বলিউডের (Bollywood) অন্দরমহলে এই বিতর্কের কথা ঘুরে বেড়ায়।
এই প্রসঙ্গে সলমন খানের বাবা সেলিম খান একবার পুরো ঘটনা জানিয়েছিলেন। তাঁর কথায়, এক পার্টিতে সলমন ও সুভাষ ঘাইয়ের মধ্যে হঠাৎ ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এতটাই গড়ায় যে মাথা গরম করে ফেলেন সলমন। রাগের বশে নিজেকে সামলাতে না পেরে কষিয়ে চড় মারেন সুভাষ ঘাইকে।
তবে ঘটনা সেখানেই থেমে থাকেনি। সলমনের দাবি ছিল, সুভাষ ঘাই তাঁকে চামচ দিয়ে মেরেছিলেন, মুখের সামনে প্লেট ভেঙেছিলেন। এমনকি তাঁর জুতোতেও প্রস্রাব করে দেন বলে অভিযোগ তোলেন সলমন। এসব অপমান সহ্য করতে না পেরে রেগে যান তিনি। কিন্তু পরের দিনই ঘটনার মোড় ঘোরে। নিজের আচরণের জন্য অনুশোচনায় ভোগেন সলমন। বাবা সেলিম খানকে বলেন, 'তিনি আমাকে কাঁটা চামচ দিয়ে মেরেছেন। তাছাড়া আমার জুতোতেই প্রস্রাব করে দিয়েছেন।'
বাবার পরামর্শে সুভাষ ঘাইয়ের কাছে গিয়ে ক্ষমা চান। সুভাষ ঘাই পরে এক সাক্ষাৎকারে জানান, 'পরের দিন অপরাধবোধ নিয়ে আমার কাছে আসে সলমন। বলল, ‘আমি এসেছি কারণ বাবা চেয়েছেন আমি ক্ষমা চাই।’ আমি তখন জিজ্ঞেস করলাম, ‘তুমি নিজে চাইছ না?’ সঙ্গে সঙ্গে বলল, ‘না, আমিও চাই।’ সেই মুহূর্তেই সব অভিমান, রাগ গলে যায়।' এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরে সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘যুবরাজ’ ছবিতেও অভিনয় করেন সলমন খান। বহু বছর কেটে গেলেও তাঁদের বন্ধুত্ব আজও অটুট।