
শেষ আপডেট: 4 March 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় প্রথম তিনেই থাকে এই ধারাবাহিক। স্বয়ম্ভূ ও জগদ্ধাত্রীর রসায়ন বহু দিন ধরেই মন জয় করে এসেছে দর্শকদের। কথা হচ্ছে 'জগদ্ধাত্রী' (Jagaddhatri bengali Serial) ধারাবাহিকের। টানটান উত্তেজনায় ভরপুর এই ধারাবাহিকে কী হতে চলেছে এই মুহূর্তে? সেটের অন্দরে খোঁজ নিল দ্য ওয়াল।
হাঁটতে পারছেন না জগদ্ধাত্রী। কী হয়েছিল অপারেশন থিয়েটারে? জানতে মরিয়া তাঁর মেয়ে দুর্গা। মায়ের মতোই প্রতিবাদী তাঁর মেয়ে। এই মুহূর্তে তাঁর একটাই উদ্দেশ্য, কারা মায়ের এমন অবস্থা করল তা খুঁজে বের করা। এমতাবস্থায় দুর্গা জানতে পারে সুকান্ত দাস নামক জনৈক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। সেই নিয়েই হয় হইহই কাণ্ড। সাইকেল করে সন্দেহভাজন ওই ব্যক্তিকে তাড়া করেন দুর্গা। আর সেখানেই ঘটে যায় ভয়ঙ্কর কিছু কাণ্ড। এরই মধ্যে জগদ্ধাত্রীর আরও একবার অস্ত্রোপচার হওয়ার কথা। দুর্গা কি পারবে অপরাধীদের খুঁজে বের করতে? সব মিলিয়ে জমজমাট ধারাবাহিক 'জগদ্ধাত্রী'।
কিছু দিন আগেই শোনা গিয়েছিল অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের নাকি কথা বন্ধ, এও জানা যায়, তাঁদের নাকি ঝামেলা হয়েছে। যদিও তাঁদের দাবি, যা রটেছে তা সত্যি নয়। টেলিপাড়ার গুঞ্জন, চুপি চুপি প্রেম করছেন তাঁরা।