
কোথায় হচ্ছে রুবেল-শ্বেতার রিসেপশন?
শেষ আপডেট: 15 January 2025 16:42
নিজস্ব সংবাদদাতা: আগামী ১৯ জানুয়ারি বিয়ে করছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। মাঘ মাসেই শুভ কাজ সেরে ফেলতে চলেছেন তাঁরা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এর আগেই দ্য ওয়াল আপনাকে জানিয়েছিল কোথায় বসছে রুবেল-শ্বেতার বিয়ের অনুষ্ঠান। এবার আমাদের হাতে এল রুবেলের রিসেপশন কার্ড।
মধ্যমগ্রাম-বারাসাত অঞ্চলেই রুবেলের বাড়ি। রিসেপশন উপলক্ষে দাস পরিবার বেছে নিয়েছে কাছে-পিঠের এক অনুষ্ঠানবাড়িকেই। তবে সেই ভেন্যু জাঁকজমকে টেক্কা দেবে কলকাতার বাঘা বাঘা ব্যাঙ্কোয়েটকেও। যশোর রোডের উপরেই বিটি কলেজের কাছে সৃষ্টি গার্ডেন। সেখানেই রিসেপশন পার্টি আয়োজন করেছেন রুবেল।
দ্য ওয়ালের তরফে সৃষ্টি গার্ডেনের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দু'টি আলাদা আলাদা হল রয়েছে তাঁদের। 'সৃষ্টি ১' প্রায় ১০ হাজার স্কোয়ার ফিট জুড়ে। রয়েছে লন ও ব্যাঙ্কোয়েট। পুরো রাজস্থানি কায়দায় তৈরি হয়েছে সেই ব্যাঙ্কোয়েট হল। আলোকসজ্জা, ফুলের সাজ সব মিলিয়ে তাতে খরচ প্রায় তিন লক্ষ টাকার মতো। আর সৃষ্টি ২-ও যদি নেওয়া হয় বাড়বে আরও এক। তবে ইচ্ছে করলে আপনি সৃষ্টি ১-ও নিতে পারেন। কিন্তু সৃষ্টি ২ একা নেওয়া যাবে না। লোক ধরবে প্রায় ৬০০-৬৫০। সব মিলিয়ে এলাহি আয়োজন।
এর আগে দ্য ওয়ালের কাছে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন শ্বেতা। শুটিং ব্রেকের মাঝেই জানিয়েছিলেন, ভীষণ ব্যস্ত। কবে যে ছুটি পাবেন কিছুই বুঝতে পারছেন না। একই অবস্থা রুবেলেরও। তবে সতীর্থরা তাঁদের বিয়ে নিয়ে বেশ উত্তেজিত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁদের প্ল্যানিং।