
কী হতে চলেছে আগামী পর্বে?
শেষ আপডেট: 24 February 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় প্রথম সারির ধারাবাহিক 'ফুলকি' (Phulki)। আচমকাই এই ধারাবাহিককে (Bengali Serial) ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। নেপথ্যে ধারাবাহিকের একটি প্রোমো। যে প্রোমোতে দেখা যাচ্ছে ফুলকি ও তাঁর স্বামী নাকি আদপে ভাই-বোন! ছিছিক্কার হতেই আসরে নামলেন পরিচালক রাজেন্দ্রপ্রসাদ, যিনি অতীতে 'রানি রাসমণী', 'মিঠাই' সহ বিভিন্ন ধারাবাহিকেরও পরিচালক ছিলেন।
দ্য ওয়ালকে পরিচালক বলেন, "প্লট কোন দিকে এগোচ্ছে তা তো এখনই বলে দিতে পারা যাবে না। হ্যাঁ প্রোমোতে দেখানো হয়েছে। তবে তা প্রমাণিত হয়নি। শুধু একটাই কথা বলতে চাই, অতীতেও আমার উপর ভরসা রেখেছেন, এবারেও রাখুন। এমন কিছু ফুলকি টিম দেখাবে না যা সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই কিছু দিন অপেক্ষা করুন। এইটুকুই অনুরোধ"।
কী দেখানো হয়েছে প্রোমোতে? লাবণ্য ওরফে ফুলকির লাবু দি একটি রিপোর্ট নিয়ে এসে রোহিতের মাকে দিয়ে বলছেন, 'আজ থেকে ২২ বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গেছিল সে আর কেউ নয়, আমাদের ফুলকি। তা শুনেই ফুলকির শাশুড়ি ধপ করে বসে পড়েন। বলেন, 'কী সর্বনেশে কথা শোনালি তুই! রোহিত আর ফুলকি ভাই বোন।' আর সেই কথা দরজার বাইরে থেকে সবটা শোনে নায়ক নায়িকা। ফুলকি ছুটে যান মন্দিরে। হাতে তুলে নেন অস্ত্র। এখানেই পরিসমাপ্তি প্রোমোর।
আগে থেকেই বেশি ভাবতে বারণ করেছেন পরিচালক। তাঁর এও আর্জি গতদিন গুলিতে যেভাবে দর্শককে পাশে পেয়েছেন, আগামী দিনগুলিতেও যেন পাশে থাকেন তাঁরা।