পুজোর আলো নিভেছে, মনখারাপও রয়েছে খানিকটা তার উপর উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থায়—আরও মন ভারাক্রান্ত গোটা বাংলার। কিন্তু এমন কঠিন সময়েও বিনোদনের জগৎ যেন হয়ে উঠেছে আশ্রয়স্থল, একটু হাসির, একটু ভালো লাগার জায়গা।

স্বীকৃতি পেয়েছে আর্য-অপর্ণার সম্পর্ক...
শেষ আপডেট: 9 October 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ, মনখারাপও রয়েছে খানিকটা তার উপর উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থায়—আরও মন ভারাক্রান্ত গোটা বাংলার। কিন্তু এমন কঠিন সময়েও বিনোদনের জগৎ যেন হয়ে উঠেছে আশ্রয়স্থল, একটু হাসির, একটু ভালো লাগার জায়গা।
বৃহস্পতিবার প্রকাশিত হল টিআরপি রিপোর্ট, আর সেই রিপোর্টে ঘটল চরম চমক! সব হিসেব-নিকেশ উলটে দিয়ে বেঙ্গল টপার হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’।
আর্য-অপর্ণার মিষ্টি প্রেমকাহিনি যেন দর্শকের হৃদয়ে ঢেউ তুলেছে বারবার। গত কয়েক সপ্তাহে ধারাবাহিকের গল্পে এসেছে একের পর এক মোড়, যা দর্শক চেটেপুটে উপভোগ করেছেন। সবচেয়ে বড় পাওয়া—পরিবারের স্বীকৃতি পেয়েছে আর্য-অপর্ণার সম্পর্ক। এই আবেগই হয়তো দর্শকদের সঙ্গে বেঁধে রেখেছে আরও দৃঢ়ভাবে। ৬.১ রেটিং পয়েন্ট নিয়ে এবার এক নম্বরের সিংহাসনে বসেছে ‘চিরদিনই তুমি যে আমার’।
দ্বিতীয় স্থানে রয়েছে আর এক হিট জুটি রায়ান-পারুলের ‘পরিণীতা’। এক বছর আগে আজকের দিনেই দর্শকের সামনে এসেছিল এই ধারাবাহিকের প্রথম প্রোমো। আর আজ, এক বছরের সফর শেষে তারা সফলতার শিখরে। ৫.৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের অবস্থান।
তৃতীয় স্থানে রয়েছে বাংলা টেলিভিশনের দীর্ঘদিনের প্রিয় মুখ—‘জগদ্ধাত্রী’। সময়ের সঙ্গে সঙ্গে গল্পে আসছে নতুন মাত্রা, আর তার ফলেই দর্শক ধরে রেখেছে মেগাটিকে ৫.৫ নম্বর দিয়ে।
তবে আশ্চর্যের বিষয়, এই সপ্তাহে স্টার জলসার দুই জনপ্রিয় মেগা ‘রাণী ভবানী’ এবং ‘পরশুরাম’ কেউই টিআরপির প্রথম পাঁচে জায়গা পায়নি। জি বাংলার ‘ফুলকি’ ৫.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, আর জলসা চ্যানেল টপার ‘রাঙামতি তীরন্দাজ’ ৫.৩ নম্বর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
চলতি সপ্তাহে ‘পরশুরাম’ ৫.১ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে, সঙ্গে যৌথভাবে রয়েছে ‘আমাদের দাদামণি’। অন্যদিকে, একসময়ের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ‘রাণী ভবানী’ এবার নেমে গিয়েছে সরাসরি সাত নম্বরে।
স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ কিন্তু দর্শকের মন ছুঁতে পারেনি তেমনভাবে। মধুমিতা ও নীলের মতো তারকা জুটি থাকলেও রেটিং মাত্র ২.৫-এ থেমে গেছে। এমনকি ‘কুসুম’-এর কাছেও পিছিয়ে আছে এই মেগা সিরিয়াল।
নন-ফিকশন ধারার মধ্যে এবারও আলোচনায় জি বাংলার সারেগামাপা। গানের এই রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তা পুজোর সপ্তাহে খানিকটা কমলেও, এই সপ্তাহে রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৩.৬।
বৃষ্টি, বন্যা, মনখারাপের দিনেও টেলিভিশনের পর্দায় গল্পেরা হাসায়, কাঁদায়, শেখায়—ভালোবাসার মানে। আর্য-অপর্ণার প্রেমের মতোই সেই আবেগ ছুঁয়ে যায় প্রতিটি ঘরের মানুষকে। টিআরপির সোনার সিংহাসনে বসে তাই যেন একটাই বার্তা দিচ্ছে তারা—দর্শকের ভালোবাসাই আসল পুরস্কার। কারণ, চিরদিনই তো তুমি যে আমার…
টিআরপি-তে কে কোথায়?
প্রথম—চিরদিনই তুমি যে আমার (৬.১)
দ্বিতীয়—পরিণীতা (৫.৯)
তৃতীয়—জগদ্ধাত্রী (৫.৫)
চতুর্থ—ফুলকি (৫.৪)
পঞ্চম—রাঙামতি (৫.৩)
ষষ্ঠ—পরশুরাম / আমাদের দাদামণি (৫.১)
সপ্তম—রাণী ভবানী (৪.৭)
অষ্টম—কথা (৪.৫)
নবম—তুই আমার হিরো / লক্ষ্মী ঝাঁপি / জোয়ার ভাঁটা (৪.৪)
দশম - চিরসখা (৪.৩)