অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেট দুনিয়ায় তর্ক-বিতর্ক শুরু হয়েছে।

স্বরা ভাস্কর (ফাইল ছবি)
শেষ আপডেট: 20 August 2025 18:55
দ্য ওয়াল ব্যুরো: পর্দায় দেখা যায় না বহু দিন। কিন্তু বিতর্কিত কথা বলে বার বার শিরোনামে থাকেন স্বরা ভাস্কর। নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়ে খোলাখুলি মতামত জানানোর জন্য আলোচনা কম হয় না তাঁকে নিয়ে। এবার এক সাক্ষাৎকারে যৌনতা ও পরিচয় প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।
সম্প্রতি চলতি রিয়্যালিটি শো ‘পতি পত্নী ওউর পঙ্গা-জোড়িয়োঁ কা রিয়্যালিটি চেক’-এ স্বামী তথা রাজনীতিবিদ ফাহাদ আহমদের সঙ্গে হাজির হয়েছিলেন স্বরা। সেখানেই এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা সবাই আসলে বাইসেক্সুয়াল। মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দিলে তার প্রবৃত্তি বাইসেক্সুয়ালের দিকেই যায়। কিন্তু হেটেরোসেক্সুয়ালিটি একটা আদর্শ, যা হাজার হাজার বছর ধরে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ মানব প্রজাতির টিকে থাকা, বংশবৃদ্ধির জন্য সেটাই নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।'
অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেট দুনিয়ায় তর্ক-বিতর্ক শুরু হয়েছে। সাক্ষাৎকারে আরও একধাপ এগিয়ে তিনি জানান, তাঁর রাজনৈতিক ‘ক্রাশ’ হলেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, 'এতে আমার স্বামীর রাজনৈতিক কেরিয়ার মহারাষ্ট্রে বিপদে পড়েছে। এবার যৌনতা নিয়ে মন্তব্যের পর উত্তরপ্রদেশেও ওর কেরিয়ারের অবস্থা খারাপ হতে পারে।'
সম্প্রতি তিনি ডিম্পল যাদবের সঙ্গে দেখা করেছেন। এ বছর ডিম্পলের জন্মদিনেও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপর এমন মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।
এর আগে স্বরার স্বামীকে উদ্দেশ্য করে এক ব্যক্তি জাতিবিদ্বেষী গালি দেন। সেই পোস্টের স্ক্রিনশট এক্স-এ শেয়ার করে তিনি লেখেন, '‘ছাপরি’ একটি জাতিসূচক গালি। যাঁরা খড়ের ছাউনি দেন, তাঁদের হেয় করতে এই শব্দ ব্যবহার করা হয়। কোনও পেশাকেই হেয় করার কিছু নেই। এ ধরনের মন্তব্যই কাস্টিস্ট ও ক্লাসিস্ট মানসিকতার প্রমাণ।'
২০২৩ সালে কন্যাসন্তান রাবিয়ার জন্ম দেন স্বরা ও ফাহাদ। সম্প্রতি তিনি মা হওয়ার পর নিজের পরিচয় নিয়ে এক ধরনের ‘আইডেন্টিটি ক্রাইসিস’-এ রয়েছেন বলেও শেয়ার করেছেন এই সাক্ষাৎকারে।