
শেষ আপডেট: 26 September 2023 08:40
দ্য ওয়াল ব্যুরো: দাদা সাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Lifetime Achievement) পাচ্ছেন বলিউড সুন্দরী ওয়াদিহা রহমান (Waheeda Rehman)। তিনি আজও মানুষের মনের মণিকোঠায় বিরাজ করছেন। ৮৫ বছর বয়েসেও তাঁর সৌন্দর্য চোখে ধাঁধা ধরায়। এতদিন পর সেই বর্ষীয়ান অভিনেত্রীর মুকুটে দাদা সাহেব ফালকে সম্মানের পালক জুড়ছে।
১৯৩৮ সালে ৩ ফেব্রুয়ারি দক্ষিণ ভারতের চেঙ্গালপট্টুতে জন্মগ্রহণ করেন ওয়াহিদা। তাঁর বাবা মহম্মদ আব্দুল রহমানকে কর্মসূত্রে প্রায়ই দেশের বিভিন্ন শহরে যেতে হত। তাই বাবার সঙ্গেই ছোট থেকেই ভারতের বিভিন্ন জায়গায় গেছেন ওয়াহিদা। চার ভাইবোনের সংসারে তিনি ছিলেন বড়ই আদুরে।
১৯৫১ সালে বাবার মৃত্যুর পরই ওয়াহিদার জীবন অন্য খাতে বয়ে যায়। টানাটানি সংসারে বন্ধ হয়ে যায় ওয়াহিদার পড়াশোনা। ঠিক করেন সিনেমায় অভিনয় করবেন। সেই চলচ্চিত্র জীবনে পা দেওয়া ওয়াহিদার। দক্ষিণী ছবি দিয়ে সিনেমার জীবন শুরু করেন তিনি।
দক্ষিণী ছবি করতে করতেই পরিচালক-প্রযোজক গুরু দত্তের সুনজরে পড়েন ওয়াহিদা। ১৯৫৬ সালে গুরু দত্তের 'সিআইডি' ছবি দিয়েই বলিউডে পা দেন তিনি। ইন্ডাস্ট্রিতে প্রথম থেকেই অনেক বাধাবিঘ্ন এসেছে, কিন্তু তার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে ওয়াহিদাকে।
নিজের অভিনয় গুণেই বলিউডে অল্পদিনেই ছাপ রাখেন ওয়াহিদা। পেছনে বিশেষ ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় শুরু করেন ওয়াহিদা। দেব আনন্দের সঙ্গে জুটি বেঁধে ষোলওয়া সাল’, ‘কালা বাজার’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। সত্যজিৎ রায়ের 'অভিযান' ছবিতেও দেখা গিয়েছিল এই বলিউড সুন্দরীকে।
বলিউডে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম ছিল না। শোনা যায় গুরু দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওয়াহিদা। কিন্তু এই সম্পর্ক নিয়ে কেউই কোনওদিন প্রকাশ্যে মুখ খোলেননি। তবে শেষ পর্যন্ত এই সম্পর্ক বেশিদিন এগোয়নি। নিজে থেকেই গুরু দত্তর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন বলেও শোনা যায়।
১৯৫৬ থেকে ১৯৭০ পর্যন্ত বলিউডে দাপিয়ে অভিনয়ন করেন ওয়াহিদা। সাতের দশকের পর থেকেই আর নায়িকা নয়, অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। যদিও মাঝে বেশ কয়েকবছর চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান। ১৯৭৪ সালে ওয়াহিদা বিয়ে করেন সহঅভিনেতা শশী রেখি ওরফে কমলজিৎকে। ২০১১ সালে তিনি ভূষিত হন ‘পদ্মবিভূষণ’ সম্মানে। এবার ওয়াহিদা রহমান পাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র জগতে সর্বোচ্চ সম্মান।
আরও পড়ুন: স্বরা ভাস্করের কোলে এল ফুটফুটে মেয়ে, স্বামীর সঙ্গে ছবি দিলেন সদ্যোজাতর