
নিজস্ব ছবি
শেষ আপডেট: 26 December 2024 17:05
দ্য ওয়াল ব্যুরো: প্রথম প্রেম নিয়ে মুখ খুললেন বিবেক ওবেরয়। যার জন্য তছনছ হয়ে গিয়েছিল তাঁর জীবন। পরে ধীরে ধীরে স্বাভাবিক হন। কাজে যোগ দেন। লেগেছিল অনেকগুলো বছর।
২০০২-এ রামগোপাল ভার্মার 'কোম্পানি' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় বিবেক ওবেরয়ের। বাবা সুরেশ ওবেরয় সূত্রে বলিউডের সে সময় তিনি বেশ পরিচিত মুখ। তবে দর্শকের কাছে সেই প্রথম তাঁর অভিনয় প্রদর্শন। এরপর বেশ কিছু সিনেমা করেছেন। কিন্তু কেরিয়ারের শুরু শুরুতেই তিনি অভিনয়কে বিদায় জানান। আজকাল এটা অনেকের কাছেই জানা, তিনি নাকি বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রেমের জন্য।
শোনা যায়, যখন ঐশ্বর্যার প্রেমে পড়েন, তখন থেকে বলিউডের ভাইজানের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। আর তারপর তেমন কোনও ছবির অফার পাননি। নিজে মুখে সেসব কথা না বললেও এ কথা বলিউডে আজও সমানভাবে চর্চিত।
সে সময় অনেক লড়াই করে তিনি বলিউডে টিকে থাকার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। পরে অবশ্য ব্যবসা-বাণিজ্য এমনভাবে দাঁড় করান বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক।
এই অভিনেতা শুধুমাত্র ঐশ্বর্যার প্রেমে পড়ে ধাক্কা খেয়েছেন এমন নয়, প্রথম প্রেমের অভিজ্ঞতাও ছিল দুর্বিষহ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে কথাই শেয়ার করেন তিনি।
প্রথমবার প্রেমে পড়েছিলেন বয়ঃসন্ধিকালে। যেমনটা সকলের ক্ষেত্রেই হয়। দারুণ প্রেম ছিল, দারুণ সম্পর্ক। একসঙ্গে কলেজে যাওয়া, সময় কাটানো, সংসার-বাচ্চার স্বপ্ন দেখা। সারা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছিলেন তাঁরা।
সবকিছু ভালই চলছিল। হঠাৎ একদিন মেয়েটির সঙ্গে তিনি আর যোগাযোগ করতে পারছিলেন না। অনেক কষ্টে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ভীষণ অসুস্থ, ফলে মেয়েটি ভর্তি হাসপাতালে। তখন তাঁর ১৭-১৮ বছর বয়স হবে। ৫-৬ বছর প্রেম করে ফেলেছেন। তাঁর স্বপ্নের নারী ছিল সেই মেয়ে। হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারেন, মেয়েটি লিউকোমিয়ায় আক্রান্ত। একদম লাস্ট স্টেজে। ফলে বেশিদিন আর বাঁচবেন না। মেয়েটি বাঁচেওনি আর বেশিদিন। দু'মাস পরই তাঁর মৃত্যু হয়।
বিবেক সাক্ষাৎকারে বলেন, 'বহুদিন পর্যন্ত আমি সব জায়গায় ওকে দেখতাম। সবাইকে ওর মতো লাগত। কিছুতেই মানতে চাইতাম না, ও নেই।' পরে ক্যানসার নিয়ে কাজ শুরু করেন। ক্যানসারে আক্রান্ত বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে ছন্দে ফেরেন।