
শেষ আপডেট: 1 February 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এ মুক্তি পায় 'টুয়েলফথ ফেল'। বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় এই ছবিটি অভিনয় করেন বিক্রান্ত ম্যাসি। গ্রাম থেকে আসা একটা ছেলের আইএএস অফিসার হয়ে ওঠার গল্প 'টুয়েলফথ ফেল'। ছবিটি ওটিটিতে মুক্তির পর অনেক বেশি লোকে দেখে। পাঠানো হয় অস্কারের জন্যও। ফিল্মফেয়ার অনুষ্ঠানে ক্রিটিকদের মতে সেরা অভিনেতার শিরোপা ওঠে বিক্রান্তের মাথায়।
সম্প্রতি জানা যায় রাজকুমার হিরানির পরবর্তী ওয়েবসিরিজে কাজ করতে চলেছেন অভিনেতা। সেখানে মুখ্য চরিত্র, অর্থাৎ একজন সাইবার সিকিউরিটি পার্সোনালের চরিত্রে অভিনয় করবেন বলে খবর। তবে এটা ছাড়াও চলতি বছরে আসতে চলেছে বিক্রান্তের আরও চারটি সিনেমা। সেগুলির খবর মিলল এবার।

ইয়ার জিগরি
এবছরেই মুক্তি পেতে চলেছে অমিত জোশি পরিচালিত এই ছবিটি । ছবির কাহিনী গড়ে উঠেছে দুই বন্ধুকে নিয়ে। যারা সম্পূর্ণ ভিন্ন চরিত্রের হলেও একে অপরের জীবনে জড়িয়ে পড়ে। ২০২৩-এর অগস্ট থেকেই শুরু হয়েছে ছবির শুটিং। মুখ্য চরিত্রে থাকতে চলেছে বিক্রান্ত ম্যাসি ও সানি সিং।

ফির আয়ি হাসিন দিলরুবা
নেটফ্লিস্কের জনপ্রিয় সিনেমা 'হাসিন দিলরুবা'-র সিকুয়েল 'ফির আয়ি হাসিন দিলরুবা'। গত বছর শেষ হয়েছে এর শুটিং। ওটিটিতে মুক্তি পাবে চলতি বছরেই। বিক্রান্ত ম্যাসির সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, সানি কৌশল। এটি একটি রোম্যান্টিক থ্রিলার।

সেক্টর ৩৬
২০০৬ সালে দিল্লির নিথারি মার্ডার নিয়ে এই ছবি। শিউরে ওঠার মতো এই ঘটনা সে সময় সারা দেশকে আলোড়িত করেছিল। নয়ডার নিথারি গ্রামে এক ড্রেনে আট জন বাচ্চার কঙ্কাল পাওয়া যায়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয় মনিন্দর সিং পান্ধের ও তার পরিচারক সুরিন্দর কোলি। জানা যায়, দুজনে মিলে ঊনিশজনেরও বেশি শিশু ও মহিলাকে যৌন নির্যাতন করার পর খুন করেছে। তাদের বিরুদ্ধে নরমাংস ভক্ষণেরও অভিযোগ ছিল। এই সিনেমার প্রধান চরিত্রে থাকবেন বিক্রান্ত।

দ্য সবরমতী রিপোর্ট
বালাজি মোশন পিকচারসের প্রযোজনায় এই ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ৩ মে। ২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা নিয়ে তৈরি হওয়া এই ছবিতে রিধি ডোগরা ও রাশি খান্নাকেও দেখা যাবে বিক্রান্তের সঙ্গে।