
শেষ আপডেট: 13 March 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয় বর্মা। সম্পর্ক নিয়ে লুকোছাপাও করেননি কেউই। তবে এরমধ্যেই শোনা গেল গুঞ্জন। বিজয় বর্মা প্রেমে পড়েছেন করিনা কাপুরের। তাহলে তামান্নার কী হবে?

বস্তুত কিছুই হবে না, কারণ ব্যপারটা সেরকম বিপর্যয়কর কিছু নয়! করিনার প্রেমে অবশ্যই হাবুডুবু খাচ্ছেন বিজয় তবে সেটা আজ না বহু বছর আগের থেকেই। করিনা কাপুরের ভক্ত বিজয়। ওঁর বহু ছবি দেখেছেন যদিও কথা বলার সুযোগ হয়নি। সেই সুযোগ করে দেন পরিচালক সুজয় ঘোষ। তাঁর ছবি ‘জানে যা’-তে বিজয় বর্মা করিনার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পান। সেখানে বিজয়ের চরিত্রটি ছিল একজন পুলিশ অফিসারের, যে করিনাকে খুনি হিসেবে সন্দেহ করছে। কিন্তু এই চোর পুলিশের খেলার মাঝেই করিনাকে ভাল লাগতে শুরু করে বিজয়ের। শ্যুটিংয়ের সময় নাকি ক্রু মেম্বাররা সবাই বুঝতে পেরেছিল বিজয়ের মনের কথা। বিজয়কে এই নিয়ে জিজ্ঞেস করা হলে বলেন, ‘আমার করিনার জন্য যে প্রেমটা আছে সেটা ওঁর প্রতি সম্মান থেকে এসেছে। এতদিন যাকে দূর থেকে দেখে ভাল লেগেছে তাঁকে কাছ থেকে দেখে ভাল লাগা আরও বেড়ে গেল।’

এই চরিত্রটিতে অভিনয়ের পর বিজয় জানান করিনা তাঁর ‘ওয়ান সাইডেড লাভ’ ছিল। তবে একসঙ্গে কাজ করতে করতে ওঁরা খুব ভালো বন্ধু হয়ে গেছে। মুক্তি পাচ্ছে ‘মার্ডার মুবারক’। সেখানে অভিনয় করছেন বিজয় বর্মা। তবে উনি ছাড়াও এক ঝাঁক তারকা রয়েছে এই সিনেমায়। বিজয় তো আছেনই, সঙ্গে করিশ্মা কাপুর, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠি সহ আরও অনেকেরই দেখা মিলবে। ১৫ মার্চ এই থ্রিলারটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।