
শেষ আপডেট: 6 July 2022 14:14
দ্য ওয়াল ব্যুরো: এবার কি তবে শাহরুখ-বিজয় দ্বৈরথ দেখতে চলেছেন সিনেমাপ্রেমীরা! সূত্রের খবর, অ্যাটলির আগামী ছবি 'জওয়ান'-এ শাহরুখের (SRK) বিপরীতে দেখা যাবে তামিল সিনেমার সুপারস্টার বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi)। এই খবর সত্যি হলে বিজয়ের বলিউড ডেবিউ যে ধামাকাদার হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহই নেই।

অ্যাটলির 'জওয়ান' নিয়ে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। শাহরুখের কামব্যাক ছবিগুলোর মধ্যে এটাও অন্যতম। ২০২৩-এর ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তাই এখন থেকেই দিন গুনতে শুরু করেছেন ভক্তরা।
ইতিমধ্যেই জানা গেছে, এই ছবিতে শাহরুখের নায়িকার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে দেখা যাবে৷ এর আগেও 'চেন্নাই এক্সপ্রেস'-র 'ওয়ান টু থ্রি ফোর' গানে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল নয়নতারাকে। এরমধ্যেই তালিকায় বিজয় সেতুপতির (Vijay Sethupathi) নাম শোনা যেতেই ভক্তরা আরও উৎসাহী হয়ে পড়েছেন।

উল্লেখ্য, ২০২৩ জুড়ে পর পর ধামাকা দিতে তৈরি বলিউড বাদশা। জানুয়ারিতে 'পাঠান', জুনে 'জওয়ান'-এর পর ডিসেম্বরে রাজকুমার হিরানির 'ডানকি'তেও মূল চরিত্রে অভিনয় করবেন তিনি। শেষবার শাহরুখকে বড় পর্দায় দেখা গেছে ২০১৮ সালে 'জিরো' সিনেমায়। বক্স অফিসে সেইভাবে সাড়া ফেলেনি সিনেমাটি। তাই আগামী ছবিগুলি নিয়ে ভক্তদের মনে ক্রমশ প্রত্যাশার পারদ চড়ছে।