শেষ আপডেট: 18 January 2020 09:45
তবে গোটা মেকআপের পদ্ধতি ছিল মারাত্মক কঠিন।
সম্প্রতি 'ছপক'-এর প্রযোজনা সংস্থা ফক্স স্টার স্টুডিও-র পক্ষ থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। সেখানেই দেখানো হয়েছে দীপিকার, মালতী হয়ে ওঠার জার্নি।
দীপিকা নিজে একজন ক্লস্ট্রোফোবিক। বদ্ধ জায়গায় দমবন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন তিনি। এ সমস্যা যে কতটা মারাত্মক সেটা বোঝেন ভুক্তভোগীরাই। এদিকে প্রস্থাটিক মেকআপের জন্য প্লাস্টার অফ প্যারিস দিয়ে মুখ, চোখ, কান, গলা প্রায় সবটাই পেঁচিয়ে রাখতে হয়েছে অভিনেত্রীকে। তাও আবার বেশ অনেকটা সময়ের জন্য। এখানেই শেষ নয়। এই মেকআপের ছিল আরও অনেক পর্যায়।
ভিডিও-র একটি দৃশ্যে দেখা গিয়েছে, মেকআপের সময় হাঁপিয়ে উঠেছেন দীপিকা। প্লাস্টার অফ প্যারিসের আবরণ খোলার পর যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন তিনি। কিন্তু শত সমস্যার মধ্যেও হাল ছাড়েননি দীপিকা। সযত্নে মেকআপ করেছেন ক্লোভাও। অভিনেত্রীর যাতে শারীরিক সমস্যা না হয় সে জন্য শ্যুটিংয়ের শেষের দিকে আলগা একটা লেয়ার মুখে বসিয়েই প্রস্থাটিক মেকআপের বাকি কাজ সেরেছিলেন ক্লোভা। যাতে দীপিকার চোখ, নাক, কান----সবই খোলা থাকে এবং ক্লস্ট্রোফোবিক অ্যাটাক না হয়।
মালতীর চরিত্রে দীপিকাকে নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় পরিচালক মেঘনা গুলজার বলেছিলেন, লক্ষ্মী আগরওয়াল এবং দীপিকার চেহারার মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। দু'জনের ছবি পাশাপাশি দেখে একই কথা বলেছেন দর্শকরাও। চুল, চোখ, হাসি এবং সবচেয়ে বেশি করে দু'জনেরই থুতনির আদলে রয়েছে অদ্ভুত মিল। তবে মেঘনা কোনওদিনই চাননি পর্দায় দীপিকাকে হুবহু লক্ষ্মীর মতো লাগুক। প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ক্লোভাকেও সেকথা জানিয়েছিলেন মেঘনা। তাই মালতীর মেকআপও হয়েছে সেইভাবেই। লক্ষ্মী নয়, মালতীকে যেন একদম তাঁর মতোই লাগে সেদিকে নজর ছিল সকলের।
তবে কথায় বলে মেকআপে সবকিছুর ভোল বদল করা গেলেও পাল্টানো যায় না চোখ। মালতীর মেকআপের ক্ষেত্রেও হয়েছিল তাই-ই। ইউনিক মেকআপের মাঝে উঁকি দিচ্ছিল দীপিকার হাসি হাসি চোখ। বিটাউনের অনেকেই বলেন, দীপিকা পাড়ুকোনের চেহারার ইউএসপি তাঁর হাসি এবং সেই সঙ্গে চোখের এক্সপ্রেসন। ভক্তরা বলেন, "ঠোঁটে হাসি ফুটলে এ মেয়ের চোখও যেন হাসে।"
'ছপক' ছবিতে এমন সুন্দর চোখ এবং তার এক্সপ্রেশনের সঠিক ব্যবহার করেছেন দীপিকা। মালতীর চরিত্রের অনেক খুঁটিনাটি দীপিকা দেখিয়েছিলেন শুধুই চোখের এক্সপ্রেশনে। দর্শকের মনে জায়গাও করে নিয়েছে সেইসব ছোটখাট দৃশ্য। লক্ষ্মী আগরওয়াল নয়, মালতীর মতো করেই পর্দায় দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে।
দেখুন সেই ভিডিও।
https://youtu.be/qo8LVOjK7-8