
শেষ আপডেট: 24 October 2023 19:15
দ্য ওয়াল ব্যুরো: এমন দৃশ্য কি কল্পনা করা যায়! রাস্তার ধারের ছোট্ট চায়ের দোকান। খদ্দেরের ভিড় রয়েছে বেশ। সেখানেই শার্ট এবং হাফ প্যান্ট পরে দিব্যি চা বানাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। খদ্দেরদের তা পরিবেশন করতে করতে দিব্যি গল্পও করছেন সকলের সঙ্গে।
হ্যাঁ এমন দৃশ্যই দেখা গেছে কেরলের ফোর্ট কোচির পাত্তলাম রোডে। তবে চায়ের দোকানে যাঁকে চা বিক্রি করতে দেখা গেছে তিনি রজনীকান্ত নন। যদিও খুঁটিয়ে না দেখলে সেকথা বোঝা সম্ভবই নয়। সুধাকর প্রভু নামে ওই চা বিক্রেতাকে অবিকল 'জেলার' অভিনেতার মতো দেখতে। দুজনের চেহারায় এতটাই সাদৃশ্য যে যাঁরা চেনেন না, তাঁরা প্রায়শই সুধাকরকে রজনীকান্ত বলে ভুল করেন।
সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই নীল শার্ট এবং কালো হাফপ্যান্ট পরা সুধাকরকে দেখা গেছে। তাঁর চোখে চশমা। গালে সাদা দাড়ি। চুলের স্টাইলও অবিকল রজনীকান্তের মতো। এমনকী, ভাইরাল ভিডিওতে তাঁকে অবিকল থালাইভার স্টাইলেই লোকজনের সঙ্গে কথা বলতে, হাত মেলাতে দেখা গেছে।
இவர் எளிமையான மனிதர்னு சொல்லுவானுங்க ஆனா இவளோ எளிமையானவரான்னு இப்ப தான் ஆச்சர்ய படுறேன்.... pic.twitter.com/pIbxiVYlpX
— ???? DESPOTER ???? (@despoters_12345) October 20, 2023
সুধাকরকে প্রথম আবিষ্কার করেন মালায়ালম অভিনেতা-পরিচালক নাদিরশাহ। সম্প্রতি ফোর্ট কোচি এলাকায় একটি ছবির শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। তখনই থালাইভার 'যমজ'-এর দেখা পান। সুধাকরের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়ে যায় তা। আর তারপর থেকেই কেরলের বেশ কিছু ফাংশন এবং ইভেন্টে নিমন্ত্রণ পান সুধাকর।
তবে এই প্রথম নয়, রজনীকান্তের মতো হুবহু একই রকম দেখতে একজনের খোঁজ পাওয়া গিয়েছিল পাকিস্তানে। শ্রী গাসকোরি নামে ওই ব্যক্তি পাকিস্তানের একজন সরকারি কর্মচারী। রজনীকান্ত একা নয়, বলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীর মতো একই রকম দেখতে মানুষজনের খোঁজ পাওয়া গেছে দেশ-বিদেশ জুড়ে। সেই তালিকায় আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ সহ বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। তাঁদের কেউ বিদেশি নাগরিক, কেউ ভারতেরই অন্য রাজ্যের মডেল কিংবা ইনফ্লুয়েনসার, কেউ আবার বলিপাড়ারই বাসিন্দা।