
শেষ আপডেট: 15 October 2023 17:09
দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার, ১৯ অক্টোবর মুক্তি পাবে ‘রক্তবীজ’। ঠিক তাঁর চারদিন আগে রবিবার, ১৫ অক্টোবর ৭৮ বছরে পা দিলেন ছবির অন্যতম মুখ্য অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায় থেকে অঞ্জন চৌধুরী— অভিনেতার কাজের ব্যাপ্তি বিশাল। ‘ঘরে বাইরে’ ছবিতে নিখিলেশের চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শক মনে রেখেছেন। আবার প্রভাত রায়ের ‘লাঠি’ ছবিতে একজন নীতিপরায়ণ শিক্ষক এবং বাড়ির প্রধান কর্তার ভূমিকায় ভিক্টরের অভিনয়ও ভোলার নয়। সেই অভিনেতার ছবি এতবছর পর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে। যা নিয়ে টলিপাড়ায় বেশ আলোচনা চলছে। তবে ছবি মুক্তির আগে দেশ জাতীয় এবং রাজ্য রাজনীতি নিয়ে মুখ খুলে শোরগোল ফেলে দিলেন বর্ষীয়ান অভিনেতা।
বর্তমানে টলিউডের বেশিরভাগ নায়ক-নায়িকাই তৃণমূলে যোগ দিয়েছেন। হাতেগোনা কিছু অভিনেতা-অভিনেত্রী বিজেপি এবং সিপিএমে ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু এই বাংলায় যখন বিজেপির দেওয়াল লেখার জন্যেও সেভাবে লোক পাওয়া যেত না, সেইসময়কার বিজেপির সদস্য ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমানে আর তিনি বিজেপির সদস্য নন। তবে ২০২২ সালেই মোদী সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে। এবার নিজের ছবি মুক্তির আগে সেই বিজেপি এবং নরেন্দ্র মোদীকে নিয়ে মুখ খুললেন ভিক্টর। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে অভিনেতা জানালেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও নরেন্দ্র মোদী জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হতাশাও ব্যক্ত করলেন তিনি।
সম্প্রতি এক বাংলা সংবাদমাধ্যমে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মনের কথা বলেছেন ভিক্টর। বর্ষীয়ান অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমন লাগে? জবাবে তিনি বলেন, “বামেরা এই রাজ্যে রক্তবীজের চাষ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই বীজগুলি লালন-পালন করে আরও বড় করে তুলেছেন। এখন ওঁর হাত থেকে সবকিছু বেরিয়ে গিয়েছে। রাজ্যের বেহাল অবস্থা করে ছেড়েছে। আগে বাঙালির একটা ইজ্জত ছিল গোটা দেশ তথা বিশ্বের কাছে। আজ সব শেষ।”
এর পাশাপাশি ভিক্টর বিজেপিকে নিয়ে বলেন, “বাংলায় বিজেপির কোনও আশা দেখছি না। কারণ বাঙালিরা আজও ওদের ‘বেনিয়া পার্টি’ হিসাবেই দেখে।” রাজ্যে বিজেপির ভবিষ্যৎ নিয়ে হতাশা থাকলেও মোদীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। রীতিমতো মোদী-স্তুতি করে বর্ষীয়ান অভিনেতা বলেন, “ইন্ডিয়া জোট হলেও কোনও লাভ নেই। ২০২৪-এ তো বটেই, ২০২৯ সালের লোকসভা ভোটেও নরেন্দ্র মোদী জিতবেন। অল্প মার্জিনে হলেও জিতবেন। আর আমরা এতবছর অনেক পাপ করেছি। এখন মোদী এসে সেগুলি ধুয়ে দিচ্ছেন। ভদ্রলোককে আরও কিছুটা সময় দেওয়া হোক।”