
শেষ আপডেট: 19 March 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: ব্যাড নিউজ শোনালেন ভিকি কৌশল, তৃপ্তি দিমরি। শুনতে খারাপ লাগলেও আসলে খবরটা খারাপ নয়। চলতি বছরেই বলিউডে মুক্তি পেতে চলা নতুন ছবি ‘ব্যাড নিউজ’। আনন্দ তিওয়ারির পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি, অ্যামি ভির্ক। ছবিটি চলতি বছরের আগামী ১৯ জুলাই মুক্তি পেতে চলেছে। সোমবার ধর্মা প্রোডাকশনের অফিশিয়াল টুইটারের মাধ্যমে ছবিটির প্রকাশের দিন ঘোষণা করা হয়েছে।
২০১৯ সালের সুপারহিট মুভি ‘গুড নিউজ’ এর পর এবার বড় পর্দায় আসতে চলেছে ‘ব্যাড নিউজ’। ‘গুড নিউজ’ ছবিতে কমেডির মোড়কে সমাজে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন পরিচালক রাজ মেহতা। আর পাঁচ বছর পর আবার আসতে চলেছে সেই ছবিরই সিক্যুয়েল। ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, করিনা কপুর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবাণীকে।
‘ব্যাড নিউজ’ ছবিটি ‘গুড নিউজ’ ছবির মতোই কমেডি ছবি হতে পারে বলে জানা গিয়েছে। ২০২৩ সালে ছবিটির শ্যুটিং শেষ করেছেন অভিনেতারা। পরিচালক সহ অভিনেতারা সকলেই মনে করছেন ‘গুড নিউজ’ এর মতোই ‘ব্যাড নিউজ’ ছবিটিও সকলের মন জয় করবে। সোমবার ছবি মুক্তির দিন ঘোষণার পরই দেখা গিয়েছে ভিকি তাঁর নিজের সোশ্যাল মিডিয়াতে ‘ব্যাড নিউজ’-এর একাধিক পোস্টার শেয়ার করেছেন।