
শেষ আপডেট: 11 November 2023 16:59
দ্য ওয়াল ব্যুরো: প্রায় পাঁচ বছর আগের পুরনো এক ঘটনা! সেই নিয়ে ক্রমশ জটিলতা বেড়েছে। এবার সেই নিয়ে আরও বেকায়দায় পড়লেন অভিনেত্রী জয়া প্রদা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনায় জয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যা এখনও বহাল রাখল উত্তরপ্রদেশের এক আদালত।
সিনেমা কেরিয়ারে ভাল জায়গায় থাকাকালীনই রাজনীতিতে পা লেখান জয়া প্রদা। পরে ২০০৪-এ উত্তরপ্রদেশের রামপুর থেকে জিতে পার্লামেন্টে যান তিনি। ২০১৪ সাল অবধি টানা জেতেন। পরে ২০১৯ সালে আবারও ওই একই কেন্দ্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন অভিনেত্রী। ওইসময়েই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেন তিনি। কমিশনের নিষেধ সত্ত্বেও নির্বাচন চলাকালীন একটি রাস্তা উদ্বোধন করেন। এরপরই থানায় মামলা দায়ের হয়।
মাঝে কেটে গিয়েছে প্রায় ৫ বছর। কিন্তু এখনও সেই মামলার আইনি জটিলতায় ভুগছেন অভিনেত্রী। গত ৮ নভেম্বর এই মামলায় অভিনেত্রীর আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি যাননি। হননি তিনি। এরপর প্রসিকিউশন অফিসার অমরনাথ তিওয়ারি জানান, এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ নভেম্বর। ওইদিন আদালতে অবশ্যই উপস্থিত থাকতে হবে জয়া প্রদাকে।
উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র, ঋষি কাপুরের সঙ্গে একসময় জয়া প্রদার জুটি ছিল সুপারহিট। এমনকী অমিতাভ বচ্চনের সঙ্গেও জয়া জুটি বেঁধে বেশ কয়েকটি ছবি করেন। যেগুলি সুপারহিট ঘোষণা হয় বক্স অফিসে। ১৯৯৪ সালে মাত্র ৩২ বছর বয়সে রাজনীতিতে পা রাখেন তিনি। বিজেপিতে তাঁর উত্থান ছিল দেখার মতো। কিন্তু ২০১৯ সালের ঘটনার পরই রাজনীতিতে একপ্রকার প্রাক্তন হয়ে যান তিনি।