
মনোজ কুমার-শাহরুখ খান
শেষ আপডেট: 4 April 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ (om shanti om) মুক্তি পেয়েছিল, গোটা দেশে সারা পড়ে গেছিল। দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মতো অভিনেত্রীর ডেবিউ হয়েছিল, পুনর্জন্মের মতো বিষয়- এমন নানা কারণে ছবিটি খবরের শিরোনামে এসেছিল। আরও একটা শিরোনাম ছিলও যার কথা খুব কম লোকেই জানেন। সদ্যপ্রয়াত অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar) সংক্রান্ত একটি সিন ছবিতে রাখার ‘অপরাধে’ শাহরুখ খানের (Shahrukh Khan) বিরুদ্ধে মামলা (case filed) করেছিলেন এই কিংবদন্তি (veteran actor)।
সিনেমার একটি সিনে দেখা যায়, শাহরুখ খানের চরিত্র ওম প্রকাশ মাখিজা কারও একজনের পাস চুরি করে ছবির প্রিমিয়ারে ঢুকে পড়ে। যাঁর পাস চুরি যায়, তিনি আর কেউ নন, মনোজ কুমার (Manoj Kumar)। সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশ তাকে চিনতে পারে না, কারণ মনোজ কুমারের বিখ্যাত ‘হাতের পাতা দিয়ে মুখ ঢাকা’র ভঙ্গি নকল করে ওম হলে ঢুকে পড়ে।
মনোজ কুমার এই ঘটনায় অসন্তুষ্ট হয়েছেন জানতে পেরে শাহরুখ ক্ষমাও চেয়েছিলেন অভিনেতার কাছে। বলেছিলেন, ‘আমার আরও সচেতন থাকা উচিত ছিল, আরও আগে ওঁকে কল করে জানানো উচিত ছিল এই নিয়ে’। ওই সিন সরাতে বললে পরিচালক ফারহা খান এবং শাহরুখ দু’জনেই মনোজ কুমারের অপছন্দের সিন সরিয়ে দেওয়া নিয়ে সম্মত হন।
কিন্তু ২০১৩ সালে জাপানে ‘ওম শান্তি ওম’ আবার রিলিজ পেলে সেই ছবিতে ওই সিন ছিল। এই খবর জানার পর আইনি পদক্ষেপ নেন মনোজ কুমার। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চান তিনি।
লম্বা এক আইনি যুদ্ধের পর মনোজ কুমার ওই কেস তুলে নিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল আইনি কোনও পদক্ষেপ নিয়ে শাহরুখ বা ফারহা খানের মনে দায়িত্ববোধ আনা সম্ভব হয়নি।
কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন শাহরুখ খানও।
Manoj Kumar ji made films that uplifted our country, our cinema, and focused on unity with unmatched sincerity. A legend in every sense. His films shaped an era and left a mark on our cinema. Thank you, sir. You will always be ‘Bharat’ to us.
— Shah Rukh Khan (@iamsrk) April 4, 2025
‘পূরব আউর পশ্চিম’, ‘ক্রান্তি’র মতো দেশাত্মবোধক ছবিখ্যাত মনোজ কুমার ৮৭ বছর বয়সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বহুদিন ধরেই ডিকমপেনসেটেড লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি।