ফাইল ছবি
শেষ আপডেট: 15 December 2024 21:49
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ উস্তাদ জাকির হুসেন। রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে বলে শিল্পীর পরিবার সূত্রে খবর। বর্তমানে তিনি হার্টের সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে।
তবলার জাদুকরের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন ভক্তরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্ট করছেন অনুরাগীরা। কলকাতায় এই সময় অনুষ্ঠান করতে আসার কথা থাকলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে সেই অনুষ্ঠান বাতিল হয়।
রবিবার বিকেলে জাকির হুসেনের পরিবার সংবাদমাধ্যমকে ৭৩ বছর বয়সি তবলাবাদকের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। বলা হয়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ উস্তাদ জাকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।”
সঙ্গীত জগতে জাকির হোসেনকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। বিশ্ব ধ্রুপদী সঙ্গীতবাদ্যের জগতে তিনি এক নক্ষত্রের নাম। পদ্মশ্রী থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি- সব পুরস্কারই রয়েছে উস্তাদের ঝুলিতে।
১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম হয় জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়স থেকে তাঁর তবলার সফর শুরু। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। শিল্পীর সম্মানে গর্বিত হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগৎও। তবে শিল্পীর ঠিক কী সমস্যা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।