
শেষ আপডেট: 3 November 2023 11:53
দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়া প্রায় প্রতিদিনই সরগরম থাকে একটি নামকে ঘিরেই। তিনি উরফি জাভেদ। নিত্যনতুন অদ্ভুত পোশাক পরে তোলা ছবি ইনস্টাগ্রামে আপলোড করে ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছেন ইনস্টাগ্রাম সেনসেশন। তবে প্রতিদিন তাঁর আজব ফ্যাশনের জন্য তিনি যত প্রশংসা পান তার তুলনায় কটাক্ষই মেলে সংখ্যায় বেশি। পাশাপাশি মাঝেমধ্যেই নানা ধরনের বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় উরফিকে।
এবার এই পোশাকই নয়া বিপত্তি ডেকে আনল উরফির জীবনে। খাটো পোশাকের জন্য গ্রেফতার করা হল উরফি জাভেদকে! সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ৩ জন মহিলা পুলিশের সঙ্গে প্রবল বচসা হচ্ছে উরফির। এরপরই তাঁকে হাত ধরে পুলিশের ভ্যানে উঠিয়ে দিচ্ছেন দুই মহিলা পুলিশকর্মী। লাল রঙের পিঠ খোলা টপ এবং একটি ডেনিম জিন্স পরেছিলেন উরফি।
উরফির এই ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলে দেখা যাচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছেন নেটিজেনরা। কেউ কেউ পোশাকের জন্য উরফিকে গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, তবে অনেকে আবার মজা করে বলছেন, ফ্যাশনের নামে যেরকম অশ্লীলতার প্রদর্শন করেন উরফি তাতে তাঁকে গ্রেফতার করা সঠিক সিদ্ধান্ত।
প্রসঙ্গত, অনেকেই সন্দিহান উরফির এই গ্রেফতারির সত্যতা নিয়ে। আদৌ কি মুম্বই পুলিশ ভব্যতা বজায়ের নামে একজন অভিনেত্রীর পোশাকের উপর ফতোয়া চাপাতে পারে নাকি সবটাই প্রচারে থাকার জন্য উরফির নয়া কৌশল এই প্রশ্নই এখন ভাবাচ্ছে। কয়েক দিন আগেই 'ভুলভুলাইয়া' ছবির রাজপাল যাদবের লুকে উরফিকে দেখা গিয়েছিল। সেই ছবি প্রকাশের পর হুমকিও পেতে হয়েছিল অভিনেত্রীকে।