
শেষ আপডেট: 18 October 2023 16:54
দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই নিত্যনতুন সাজগোজের সুবর্ণ সুযোগ। পাঁচদিনে দুই বেলা করে ১০টা জামা পরতে না পারলে যেন কী একটা অসম্পূর্ণ থেকে যায়। তবে একজনের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তাঁর জীবনে রোজই যেন চলতে থাকে যেমন খুশি সাজো প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় প্রতিযোগী একজনই, তিনি উরফি জাভেদ। প্রতিদিন নিত্যনতুন পোশাক পরাটাই শুধু চমক নয় তাঁর ক্ষেত্রে, আসল চমক লুকিয়ে আছে পোশাকের উপাদানে।
কখনো ব্লেড, কখনও ফোন, উরফির পোশাকে বৈচিত্র্যের যেন কোনও অভাব নেই। বলিউডের এই ফ্যাশন ডিভা এবার বেছে নিলেন কলা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বুধবার ইনস্টাগ্রামে উরফির নতুন ভিডিওতে দেখা যাচ্ছে দুটি কলার খোসায় তিনি তাঁর ঊর্ধ্বাংশ ঢেকেছেন। সেই সঙ্গে আরও একটি কলা তিনি মুখে ধরে রয়েছেন।
প্রতিবারের মতোই উরফির এই ছবিতেও ধেয়ে এসেছে কটাক্ষ। কেউ কেউ মজা করে বলছেন, 'উরফির কলা গাছে বানরের অভাব'। আবার অনেকে অশ্লীল ইঙ্গিতও ছুড়ে দিয়েছেন উরফির এই ছবিতে। তবে নিন্দকদের সমালোচনায় কান দেওয়ার পাত্রী কোনওকালেই নন উরফি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি নিজেই বলেন, সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের পোশাক পরতে দেখা যায় তাঁকে। যৌনতা বিক্রি করে অর্থ অথবা খ্যাতি উপার্জনে কোনও রকম দ্বিধা নেই তাঁর। উরফির কথায়, বলিউডে ছবিতে মহিলাদের যৌনতাকে পণ্য হিসেবে দেখানো হয়। মেয়েদের যৌনতাকে পুরুষদের দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই মান্যতা দেওয়া হয়। অথচ উরফিকে সকলে খারাপ পোশাকের জন্য দায়ী করে থাকেন। এই মানসিকতাকে তিনি দ্বিচারিতা বলেই ইঙ্গিত করেছেন উরফি।