
রাখী গুলজার
শেষ আপডেট: 8 April 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: আসতে চলেছে রাখী গুলজার অভিনীত নতুন বাংলা ছবি 'আমার বস'। রাখীর সঙ্গে গুলজার নামটা অঙ্গাঙ্গী ভাবে জুড়ে গেছে। কিন্তু গুলজার হলেন রাখীর দ্বিতীয় স্বামী। তাহলে রাখীর প্রথম স্বামী কে? মাত্র দুবছর টিকেছিল রাখীর সেই প্রথম সংসার। কেন ভেঙেছিল প্রথম বিয়ে?
বম্বের নামী অভিনেত্রী রাখী আদতে ছিলেন পশ্চিমবাংলার রানাঘাটের মেয়ে। বাপের বাড়ির পদবী ছিল মজুমদার। রাখী মজুমদার। রাখী পূর্ণিমার দিন জন্ম, তাই নাম রাখা হয়েছিল রাখী।
দরিদ্র পরিবারের পরমা সুন্দরী মেয়ে ছিলেন রাখী। সৌন্দর্যের জন্যই চোখে পড়ে যান অভিনেত্রী সন্ধ্যা রায়ের। সন্ধ্যাই রাখীকে কলকাতা নিয়ে এসে গড়েপিটে নেন।
রাখীর প্রথম বর ছিলেন অজয় বিশ্বাস, টালিগঞ্জ পাড়ার ফোটোগ্রাফার। এরপর তারকাখচিত নানা প্রোগ্রামের ব্যবস্থাপক হিসেবে অজয় বিশ্বাস বেশ নাম করেছিলেন। কলকাতা শহরের বড় বড় জলসার আয়োজন করতেন তিনি। বম্বে থেকে তারকা শিল্পীদের কলকাতা এনে জলসা করাতেন। এভাবেই বম্বের জগতে নিজের পরিচয় তৈরি করে নেন অজয় বিশ্বাস।
১৯৬৩ সালে সাত পাকে বাঁধা পড়েন অজয় বিশ্বাস আর রাখী বিশ্বাস। ছয়ের দশকে দিলীপ নাগের ছবি 'বধূবরণ'-এ নায়িকার ভুমিকায় প্রথম অভিনয় করেন গায়িকা গীতা দত্ত। সেখানেই গীতার মেয়ের রোলে ছিলেন রাখী। রাখীর বিপরীতে অভিনয় করেছিলেন অজয় বিশ্বাস। এরপর সন্ধ্যা রায়ের 'বাঘিনী' ছবিতে 'মন নিয়ে কি মরব নাকি শেষে' গানে আইটেম ডান্স নেচেছিলেন রাখী।
বিয়ের পরে বম্বেতে সংসার পাতেন রাখী আর অজয়। রাখী ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। রূপের কারণেই চোখে পড়ে যেতে থাকেন বম্বের প্রযোজক ও পরিচালকদের। নীল নয়না বঙ্গকন্যা ধর্মেন্দ্র, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের নায়িকা হয়ে যান একের পর এক ছবিতে। এদিকে অজয় নেশায় ডুবে থাকতেন বেশিরভাগ সময়। মদ্যপানের মাত্রা অতিরিক্ত ছিল তাঁর।
একদিকে রাখীর উন্নতি, অন্যদিকে অজয়ের স্বেচ্ছাচার। সেসময়েই গুলজারের প্রেমে পড়েন রাখী। শেষমেশ একদিন ভেঙে যায় অজয়-রাখীর সংসার। ডিভোর্সের পরে রাখী হয়ে যান গুলজার ঘরণী।
একটা সময়ের পর অজয় বিশ্বাসের পরিচয় হয়ে গেল 'রাখীর প্রথম বর'। পরের দিকে অবশ্য পরিচালক হয়ে বেশ ক’টি ছবি করেছিলেন অজয়। দেব মুখার্জী আর অঞ্জনা মুমতাজকে নিয়ে হিন্দি ছবি বানান 'সম্বন্ধ'। 'প্রথম প্রেম' ও 'ভাগ্যচক্র' নামে দুটি ছবিও বানান অজয় বিশ্বাস।
এর পরে অভিনেতা প্রদীপ কুমারের মেয়ে বীণা ব্যানার্জীকে দ্বিতীয় বিবাহ করেন অজয়। সে বিয়েও টেকে না। শেষে তৃতীয় বিবাহও করেছিলেন।
তবে অতিরিক্ত মাত্রায় মদ্যপানে ১৯৯৫ সালে মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হন অজয় বিশ্বাস। স্বামীর শেষকৃত্যে রাখী গুলজারকে আর দেখা যায়নি। কারণ ততদিনে গুলজারের থেকেও আলাদা থাকতে শুরু করেছেন রাখী। প্রথম বরের কথা প্রকাশ্যে আর কখনও স্বীকারও করেননি রাখী।