
বিশিষ্ট শিল্পী গোবর্ধন আশের সেরা কাজগুলো নিয়ে বিশেষ প্রদর্শনী
শেষ আপডেট: 2 April 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে শুরু হয়েছে বিশিষ্ট শিল্পী গোবর্ধন আশের সেরা কাজগুলো নিয়ে বিশেষ প্রদর্শনী। সম্প্রতি এই প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন রিয়া সেন। প্রদর্শনীটি চলবে ২১ শে এপ্রিল পর্যন্ত।
শিল্পের ইতিহাসে গোবর্ধন আশের ভূমিকা প্রাতঃস্মরণীয়। ভারতে মডার্ন আর্টের কর্ণধার এই অম্লান প্রতিভার জন্ম ১৯০৭ সালে হুগলি জেলার বেগমপুর গ্রামের এক ছাপোষা পরিবারে। বাবা-মা ও তিন ভাই তিন বোনের টানাটানির সংসারে কেটেছে ছেলেবেলা।তাঁর শৈল্পিক নির্যাসে তাই বারবার ভেসে উঠেছে স্বাধীনচেতা মনোভাব, দৃঢ়তা ও সৃজনশীলতা।
‘স্মরণে গোবর্ধন আশ’ শিল্পীর চার দশকের (১৯২৯ – ১৯৬৯) সেরা কাজের বিশেষ সংকলন। এটি প্রিন্সেপস (PRINSEPS)-এর পক্ষ থেকে একটি আন্তরিক প্রচেষ্টা। শতাধিক আলেখ্যের মধ্য দিয়ে তাঁর সুবিশাল ও বৈচিত্রময় পরিধির একটি মানচিত্র তুলে ধরার চেষ্টা হয়েছে। স্কেচ, পোর্ট্রেট, আত্ম-প্রতিকৃতি তো বটেই, রয়েছে গ্রাম বাংলার নানান দৃশ্যপটের ছবি, ল্যান্ডস্কেপ, ‘৪০-এর দশকের অসামান্য ‘অবতার সিরিজ’, প্যাস্টেলে আঁকা জীবন্ত আউটডোর স্কেচ, এবং এক দশকব্যাপী সাধনার ফল ‘চিলড্রেন সিরিজ’।
চিত্রকলার বিভিন্ন পর্যায়ে গোবর্ধন আত্ম-প্রতিকৃতির মধ্যে দিয়ে নিজের শৈল্পিক মনন ও শিল্পীসত্ত্বার বিবর্তন এবং চিত্রকার্যের ক্রমবিন্যাসকে ব্যক্ত করেছেন। ক্রস্ হ্যাচিংয়ের মতো নানা কায়দায় নিজের নৈপুণ্যের স্বাক্ষর রেখে গেছেন। ১৯৫০ সালে ক্যালকাটা গ্রুপ ও প্রগ্রেসিভ আর্টিস্টস গ্রুপের যৌথ প্রর্দশনীতে প্রকাশ পায় নবচেতনে কল্পিত (আভঁ-গার্দ) ‘অবতার সিরিজ’, যা তৎকালীন শিল্পী মহলে সাড়া ফেলে দিয়েছিল।
‘চিলড্রেন সিরিজে’ দেখা যায় শিল্পীর ব্যাতিক্রমী প্রতিকৃতি শৈলী। পোর্ট্রেটৈ শৈশবের বিচিত্র আবেগ পূর্ণতা পেয়েছে সাবলীল চিত্রায়নে।
শিবপুরে গোবর্ধন আশের স্টুডিও হয়ে উঠেছিল শিল্পচর্চার কেন্দ্রবিন্দু। জয়নুল আবেদিন থেকে গোপাল ঘোষ, বাংলায় হেন শিল্পী নেই যিনি গোবর্ধনের সান্নিধ্য পেতে যাননি তাঁর স্টুডিওতে। গণেশ হালুই সহ তাঁর সমকালীন বহু আধুনিক চিত্রশিল্পীই অগ্রজস্থানীয় এই শিল্পীর অনুপ্রেরণায় সমৃদ্ধ হয়েছেন। তাঁর ব্যাপ্তি ও পরিসর অমলিন তাঁদের স্মৃতিতে। বাংলায় আধুনিক চিত্রশিল্পে গোবর্ধন আশের অসামান্য অবদানের উপর আলোকপাত করা ও তাঁকে যথার্থ মর্যাদা জ্ঞাপনই গোবর্ধন আশ স্মারক এই প্রদর্শনীর লক্ষ্য।