
শেষ আপডেট: 6 February 2021 13:51
প্রতিদিনই জনগণ দেখতে পাচ্ছেন টিমবদলের খেলা। তবে এর মধ্যেই অনেকে আবার ভরসা রাখছেন বর্তমান শাসকদলের ওপরেই। টলিপাড়া থেকে টেলিভিশনের দুনিয়া সবতেই রাজনীতির রঙ চড়েছে। স্পষ্ট বিভাজন।
আজই তৃণমূল ভবনে রণিতা, দিশা, শ্রীতমা, সৌপ্তিকদের হাতে দলীয় পতাকা তুলে দেন, তৃণমূল সাংসদ দোলা সেন। একই মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে অভিনেতা ও যুব তৃণমূলের সভাপতি সোহম চক্রবর্তী।
তবে রাজনীতিতে পা দিয়েই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তারকাদের। অনেকেই জানতে চান ইন্ডাস্ট্রি ছেড়েই কি রাজনীতিতে পা দিলেন তাঁরা? এ প্রশ্নের উত্তরে রণিতা দাস বলেন, ''আমরা যেমন অভিনয় করি এবং করব। তবে গত ১০ বছর ধরে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলাম, তবে আজ তৃণমূলের সদস্য হলাম। আমাদের যা কাজ দেওয়া হবে, তা করার চেষ্টা করব। আমাদের ভাবনা তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা দিদির মতো হতে চাই।''
সেই প্রসঙ্গ ধরে 'মা' সিরিয়াল খ্যাত 'বড় ঝিলিক' শ্রীতমা জানায়, ''অভিনয় করতে গিয়ে দিদির সান্নিধ্য, আশীর্বাদ পেয়েছি। বিভিন্ন সমস্যায় পাশে পেয়েছি। আমার বাবা সমাজসেবী ছিলেন, তিনি চেয়েছিলেন আমিও কাজ করি। তবে মানুষের সেবা করা সহজ নয়, তবে মনে করি তৃণমূলে থেকে সে কাজটা করা সহজ হবে।''
অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী যাঁকে লোকনাথ বাবা বলেই চেনেন আর অভিনেত্রী দিশা রায় চৌধুরীও এদিন তৃণমূল পরিবারে তাঁদের সামিল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানান। মা মাটি মানুষের জন্যই কাজ করতে চান তাঁরা, তাই শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। কেমন হবে তাঁদের এই নতুন পথ চলা সেটার উত্তর তো সময়ই দেবে! যদিও এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, "পাহাড় থেকে জঙ্গলমহল, কাকদ্বীপ থেকে দীঘা, তৃণমূল এমন বিপদে পড়েছে যে, সিরিয়ালের লোকনাথ বাবাও বাঁচাতে পারবে না।"
