নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িতে ধাক্কা, গ্রেফতার টেলি স্টার সিদ্ধার্থ শুক্লা
দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় আহত ছোট পর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের নিউ লিঙ্ক রোডের শ্রীজী হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিলাসবহুল বিএমডব্লু গাড়ি নিয়ে ওশিওয়াড়ার মেগা মল থেকে লোখান্ডওয়ালা যাচ্ছি
শেষ আপডেট: 22 July 2018 04:03
দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় আহত ছোট পর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের নিউ লিঙ্ক রোডের শ্রীজী হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিলাসবহুল বিএমডব্লু গাড়ি নিয়ে ওশিওয়াড়ার মেগা মল থেকে লোখান্ডওয়ালা যাচ্ছিলেন সিদ্ধার্থ। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন তিনি।
আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে সিদ্ধার্থের গাড়ি। শুধু তাই নয় এরপর আশেপাশের আরও ২-৩টি গাড়িতেও ধাক্কা মারে তাঁর গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএমডব্লু দামি গাড়ি হওয়ার ফলে সিদ্ধার্থের গাড়ি সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আশেপাশের গাড়িগুলি বেশ ভালো ভাবেই ভেঙেচুরে গিয়েছে। এমনকী অন্যান্য গাড়িতে থাকা প্রায় ৬-৭ জন চোটও পেয়েছেন এই দুর্ঘটনায়। জানা গিয়েছে, আচমকাই সিদ্ধার্থের গাড়ির সামনে চলে আসেন এক সাইকেল আরোহী। তাঁকে বাঁচাতে গিয়েই বেসামাল হয়ে প্রথমে রাস্তার পাশে একটি পোলে ধাক্কা মারে সিদ্ধার্থের বিএমডব্লু। এরপর তিনটি গাড়িতেও ধাক্কা মারে তাঁর গাড়ি। আর এতোটাই জোরে ছিল এই ধাক্কা যে গাড়ির চাকা খুলে বেড়িয়ে যায়। তবে পুলিশ জানিয়েছে, সিদ্ধার্থ এবং বাকি কারোর চোটই খুব গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালেও একবার দুর্ঘটনার কবলে পড়েছিল সিদ্ধার্থের গাড়ি।

শনিবারের ঘটনায়, তীব্র গতিতে গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণ হারিয়ে অন্যান্য গাড়িকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রাথমিক ভাবে সিদ্ধার্থকে গ্রেফতার করে পুলিশ। তবে পরে অবশ্য ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান এই অভিনেতা। যদিও পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বেপরোয়ার গাড়ি চালানোর অভিযোগ সহ একাধিক অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৮৪, ৩৩৬, ৩৩৭, ৪২৭, ২৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা অবশ্য জানিয়েছেন, সিদ্ধার্থকে দেখে মনে হচ্ছিল না যে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে সিদ্ধার্থের। কেন এ ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তিনি সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।
২০০৮ সালে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন সিদ্ধার্থ। এরপর 'বালিকা বধু' ধারাবাহিকে 'শিব' চরিত্রে জনপ্রিয় হন তিনি। কাজ করেছেন 'ঝলক দিখলা জা' এবং' খতরো কে খিলাড়ি'-র মতো নন ফিকশন শো-তেও। বলিউডেও কাজ করেছেন এই অভিনেতা। করণ জোহরের 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'-তে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের ধারাবাহিক 'দিল সে দিল তক'-এ। তবে সূত্রের খবর, নিজের আনপ্রফেশনাল ব্যবহারের জন্যই নাকি এই ধারাবাহিক থেকে বাদ পড়েছেন সিদ্ধার্থ।