
শেষ আপডেট: 14 January 2023 12:11
ড্যানি ডিটেকটিভের গল্প এবার বড়পর্দায়। পরিচালক অঞ্জন দত্ত (Anjan Dutta)। সম্প্রতি ছবির ট্রেলার (trailer) লঞ্চ হল। ছবির নাম 'রিভলবার রহস্য' (Revolver Rohosyo)। এই প্রথম নয়, পরিচালক ড্যানি ডিটেকটিভ নিয়ে ওয়েব সিরিজ করেছেন। এই ছবি যে শুধু রহস্যে মোড়া গোয়েন্দা গল্প নয়, তার ইঙ্গিত মিলেছে ট্রেলারে। সম্পূর্ণ ট্রেলার জুড়ে দর্শকদের সঙ্গে কথা বলে গেছেন ছবির নায়ক সুপ্রভাত।
দে'জ পাবলিকেশন থেকে প্রকাশিত অঞ্জন দত্তের নিজের লেখা ড্যানি ডিটেকটিভ এর গল্পের উপর ভিত্তি করেই এই ছবি তিনি তৈরি করেছেন। এক অদ্ভুত গোয়েন্দার গল্প ছবিতে উঠে এসেছে। ট্রেলারে গোয়েন্দা জানান যে ম্যাজিক দেখিয়ে তার জীবন কেটে যেতে পারত। কিন্তু হঠাৎই এক ব্যক্তির পাল্লায় পড়ে তাঁর জীবনের চলার পথ পাল্টে যায়। ম্যাজিশিয়ান থেকে তিনি হয়ে ওঠেন গোয়েন্দা। ফলে এখানে স্পষ্ট যে তিনি পরিস্থিতির চাপে গোয়েন্দা হয়ে উঠেছেন।
ছবিতে সুপ্রভাত দাসকে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। গল্পে যে শুধু ম্যাজিশিয়ান থেকে গোয়েন্দা হয়েছেন তাই নয়, কেস সমাধান করতে গিয়ে প্রেমেও পড়েছেন। সুপ্রভাত জানিয়েছেন, 'দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার। অবশেষে সেই সুযোগ অঞ্জন স্যার আমাকে করে দিলেন।'
এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত, তনুশ্রী চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুজয়নীল মুখোপাধ্যায়, চন্দন সেন, সুদীপা বসু, রানা গুহ, ছন্দক চৌধুরী প্রমুখ। সুরারোপ করেছেন নীল দত্ত। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা অঞ্জন দত্ত।
দেখুন ট্রেলার:
অঞ্জন দত্তের কথায়, "রিভলবার রহস্য আসলে একটি সাদামাটা গোয়েন্দা গল্প। সুব্রত শর্মা নামে একজন ক্রাইম রিপোর্টার যিনি নিজের চাকরি হারিয়ে ড্যানি ডিটেকটিভ আইএনসি নামে একটি ডিটেকটিভ সংস্থায় কাজ শুরু করেন। এই গোয়েন্দা সংস্থায় তিনি অস্থায়ী সেক্রেটারি হিসেবে কাজে যুক্ত হন। তমালি নামে এক নিখোঁজ মহিলাকে খুঁজতে গিয়ে জীবনের জটিল অলিগলি, ষড়যন্ত্র, টানাপোড়েনে বদলে যেতে থাকে তার জীবন। সেই মহিলাকে অনুসন্ধান করার সময় নানা বিপদ ও ষড়যন্ত্রের তিনি শিকার হন। কেস সমাধান করতে গিয়ে তিনি প্রেমেও পড়েন। পরিস্থিতির চাপেই শেষমেষ সাধারণ মানুষ থেকে তাঁকে গোয়েন্দা হয়ে উঠতে হয়।"
ট্রেলারের পরতে পরতে চুঁইয়ে পড়েছে অঞ্জন দত্তের গল্প বলার চেনা ম্যাজিক। ছবি মুক্তির দিন এখনও প্রকাশ্যে না এলেও খুব শিগগিরই এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।