
শেষ আপডেট: 30 July 2024 00:15
দ্য ওয়াল ব্যুরো: বৈঠক, পাল্টা বৈঠকেও মিটল না সমস্যা। টলিপাড়ার অচলাবস্থা থেকেই গেল। মঙ্গলবারও বহাল পরিচালকদের কর্মবিরতি। আগামীকালও লাইট, ক্যামেরা, অ্যাকশনে সরগরম হবে না টালিগঞ্জ ইন্ডাস্ট্রি।
যত সময় এগোচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টলিপাড়ার দ্বন্দ্ব আরও জটিল হয়ে চলেছে। ফেডারেশন বনাম ডিরেক্টর্স গিল্ডের দ্বন্দ্ব মেটার নাম নেই। কোনও পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। কবে থেকে টলিউডে শুটিং শুরু হবে, তার উত্তর এখনও মেলেনি। মঙ্গলবারও কর্মবিরতি চালিয়ে যাবেন বলেই শেষপর্যন্ত জানিয়েছেন পরিচালক ও প্রযোজকরা।
টলিপাড়ার পরিস্থিতি নিয়ে সোমবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেছেন পরিচালকদের একাংশ। কীভাবে খুব দ্রুত সকলকে নিয়ে কাজে ফেরা যায়, সেই নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকের পর সংবাদমাধ্যমকে প্রসেনজিৎ জানান, পরিচালকদের ছাড়া যেমন টেকনিশিয়ানরা চলতে পারেন না, তেমনই তাঁদের ছাড়া কাজ এগোবে না। ফেডারেশনের কাছে আলোচনার আহ্বান জানিয়েছিলেন পরিচালকরা।
এরপর বিকেল ৪টে নাগাদ টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সাংবাদিক বৈঠক করে ফেডারেশন। যেখানে টলিপাড়ার কাজ বন্ধের দায় পরিচালকদের উপরই চাপিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। 'পুরো বিষয়টাই কিছু পরিচালকের ষড়যন্ত্র' বলে মন্তব্য করেছেন তিনি।
সন্ধ্যায় আবারও পাল্টা বৈঠকে বসে ডিরেক্টর্স গিল্ড। পরিচালকদের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী সহ অনেকেই। এদিন রাত ৮টা নাগাদ সাংবাদিক বৈঠক ডেকে সমস্যা মেটাতে 'নিরপেক্ষভাবে' তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দাবি করেছেন বাংলার পরিচালকেরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, তাঁরা কাজ বন্ধের পক্ষে নন। চাপ দিয়ে কাজ বন্ধ করানো হয়েছে।
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে। সেই থেকেই শুরু বিতর্ক। গত শুক্রবার খবর মেলে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। কিন্তু শেষরক্ষা হয়নি। ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন। এরপর ফেডারেশনের সিদ্ধান্তে নড়ে চড়ে বসে টলিউডের পরিচালকদের একাংশ। তবে জট কাটার এখনও কোনও সমাধান সূত্র বেরোয়নি। সমস্যা কবে মিটবে, সেদিকেই তাকিয়ে বাংলার বিনোদন মহল।