
শেষ আপডেট: 31 December 2023 20:04
দ্য ওয়াল ব্যুরো: একটা গোটা বছর কেটে গেল চোখের নিমেষে। ২০২৩ সাল পেরিয়ে আগামীকাল সোমবার থেকে শুরু নতুন বছর। আজ বর্ষ শেষের রাত, আর আগামীকাল বর্ষবরণ- এই দুটো দিন সাধারণ মানুষ হন কিংবা তারকারা, একটু হইহুল্লোড় করে কাটাতে ভালোবাসেন। কেউ পরিবার কিংবা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে চলে যান। কেউ খেতে যান পছন্দের রেস্তোরাঁয়। কেউ বা মেতে ওঠেন পার্টিতে।
বছর শেষের এই সেরা সময়টা টলিপাড়ার তারকারা কেমন ভাবে কাটাচ্ছেন? তাঁদেরও কি ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? নাকি শ্যুটিংয়ে ব্যস্ত? জানার জন্য দ্য ওয়াল-এর তরফে যোগাযোগ করা হয়েছিল বাংলা সিরিয়াল এবং সিনেমা জগতের তিন তরুণ তুর্কির সঙ্গে। তাঁরা হলেন, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায় এবং পারিজাত চৌধুরী। চলুন জেনে নেওয়া যাক থার্টি ফার্স্ট নাইট আর পয়লা জানুয়ারিতে কী করবেন তাঁরা।
ঋদ্ধি সেন -
টলিউডের উঠতি তারকাদের মধ্যে প্রথম সারির তালিকায় রয়েছে ঋদ্ধি সেন। ২০১৫ সালে 'ওপেন টি বায়োস্কোপ' ছবি করার পর থেকেই বাংলা চলচ্চিত্র জগতে এই অভিনেতার নাম প্রায়ই শোনা যায়। এরপর একে একে 'সমান্তরাল', 'নগরকীর্তন', 'বিসমিল্লা'-এর মত অনেক ছবি করেছেন তিনি। এমনকি কাজলের সঙ্গে অভিনয় করেছেন হিন্দি ছবি 'হেলিকপ্টার ইলা'তেও।
অভিনেতা ঋদ্ধি সেনকে তাঁর নিউ ইয়ার প্ল্যান জিজ্ঞেস করতেই বললেন, "আমার সেরকম কোনও পরিকল্পনা নেই। বাইরে বেরিয়ে পার্টি পছন্দ করি না। ৩১ তারিখ রাতে সুমন মুখোপাধ্যায়ের 'আজকের শাহজাহান' নাটক দেখতে যাব। আপাতত এইটুকুই প্ল্যান।" নতুন বছরে কোনও স্পেশ্যাল রেজোলিউশন আছে কিনা জিজ্ঞেস করায় বললেন, "আমার নতুন বছরের রেজোলিউশন আরও ভাল ভাল কাজ দর্শকদের উপহার দেওয়া এবং সর্বোপরি নিজেকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া।"
ঋতব্রত মুখোপাধ্যায় -
'ওপেন টি বায়োস্কোপ', 'জেনারেশন আমি', 'রক্ত রহস্য', 'দ্বিতীয় পুরুষ'-এর মতো প্রচুর ছবিতে দেখা গেছে তাঁকে। নতুন বছরের কী প্ল্যান জিজ্ঞেস করতেই বললেন, "সামনেই পরীক্ষা। তাই কোথাও যেতে পারছি না। এইসময় বেশ কয়েকটি থিয়েটার ফেস্টিভ্যাল চলছে। মাস্টার্সের পরীক্ষা না থাকলে একটা কিছু দেখতে যেতাম। তবে সামনেই আমাদের নাটকের দলের জন্মদিন। সেই নিয়ে ব্যস্ততা রয়েছে। নতুন বছরের শুরুটা এই নিয়েই কাটবে।"
ঋতব্রত আরও বলেন, "এই বছরের রেজোলিউশন এখনও ঠিক করিনি। বছরের শুরুতেই রেজোলিউশন নিতে হবে সে ব্যাপারটা নেই। অনেকগুলো সিনেমা-সিরিজের শ্যুটিং হয়ে গিয়েছে। এক এক করে আগামী বছর সেগুলো বেরোবে। নতুন কোনও কাজে হাত দিইনি।"
![]()
পারিজাত চৌধুরী -
'ইন্দুবালা ভাতের হোটেল'-এর সেই ছোট্ট ইন্দুকে মনে আছে? সেই ছোট্ট মেয়ে কিন্তু এখন আর অতটাও ছোট নেই। অভিনয়, নাচ, পড়াশোনার পাশাপাশি বছরের শেষ দিনের স্পেশ্যাল কী প্ল্যান জিজ্ঞেস করতেই পারিজাত জানান, "আমার দাদা বেঙ্গালুরু থেকে বাড়িতে ফিরেছে। তাই এখন তো আমার সোনায় সোহাগা। বছরের শেষ দিনটা এবং নতুন বছরের শুরুর দিনটা আমি পরিবারের সঙ্গেই কাটাবো। বাড়িতে থেকে আনন্দ করে মাংস-ভাত খেতে চাই। ব্যস আর কী চাই!"
নতুন বছরের কোনও রেজোলিউশন আছে কিনা জিজ্ঞেস করতে অভিনেত্রী জানালেন, "২০২৪-এ অনেক ভাল ভাল কাজ উপহার দিতে চাই। নতুন নতুন চরিত্রে কাজ করতে চাই। আমি মনে করি ভাল অভিনেত্রী হওয়ার জন্য ভাল দর্শক এবং পাঠক হয়ে ওঠাও জরুরি, ফলে নতুন বছরে নিজেকে আরও ভালভাবে তৈরি করার জন্য যে ওয়ার্ল্ড লিটারেচারের বইগুলো পড়া দরকার সেগুলো পড়তে চাই। ওয়ার্ল্ড সিনেমা যেগুলো দেখা উচিত, কিন্তু এখনও আমার দেখা হয়নি সেগুলো দেখার চেষ্টা করব। এছাড়া পরের বছর আমি আমার নাচের প্রতি আরও মনোযোগী হতে চাই। কমার্শিয়াল ছবির পাশাপাশি নতুন বছরে আমি অন্য ধারার ছবিতেও (আর্ট ফিল্ম) কাজ করতে চাই।"