
ফাইল চিত্র
শেষ আপডেট: 26 December 2024 12:22
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় গুঞ্জন চলছিল আগেই, এবার তা সত্যি করে প্রেমের মোহর বসালেন ঋতাভরী চক্রবর্তী। শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে বড়দিনের আনন্দে মজলেন অভিনেত্রী। কলকাতার বাড়িতে আয়োজিত ক্রিসমাস পার্টিতে টলিপাড়ার একাধিক তারকার সঙ্গে একফ্রেমে দেখা গেল ঋতাভরী এবং সুমিতকে।
সেখানে তাঁদের এই উপস্থিতি যেন স্পষ্ট ইঙ্গিত দিল। গুঞ্জন আর গুঞ্জন রইল না। প্রেমের সত্যতা এবার প্রকাশ্যে এল। বহুরূপী সিনেমার প্রচারের মঞ্চে প্রথমবার নিজের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। এরপর দিওয়ালিরতে প্রেমিক সুমিত অরোরার সঙ্গে একফ্রেমে ধরা দিয়ে সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছিলেন।
এবার একেবারে খোলামেলা মেজাজে ধরা দিলেন ঋতাভরী। বড়দিন উপলক্ষে নিজের কলকাতার বাড়িতে আয়োজিত জমকালো পার্টিতে সুমিতকে অতিথিদের মাঝে বেশ সাবলীল ভাবেই পরিচয় করিয়ে দিলেন তিনি। নায়িকার এই পার্টিতে ছিলেন টলিউডের একাধিক বিশিষ্ট মুখ-ঋতুপর্ণা সেনগুপ্ত, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, অনুষা-আদিত্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহম মজুমদার এবং ফ্যাশন ডিজাইনার সায়ন্তনসহ আরও অনেকে।
সবার মধ্যেই নজর কাড়লেন সুমিত অরোরা, যিনি স্পষ্টতই ছিলেন এই উৎসবের মধ্যমণি। সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী, যা ইতিমধ্যেই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।