
শেষ আপডেট: 14 November 2023 19:02
দ্য ওয়াল ব্যুরো: ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি দিয়েই ফের পুরনো মেজাজে ফিরলেন সলমন খান। মাত্র ২ দিনেই দেশে ১০০ কোটি পেরোল তাঁর নতুন ছবি ‘টাইগার ৩’! রবিবার, মুক্তির প্রথমদিন ছবিটি ৪৪.৫০ কোটি টাকা আয় করেছিল। তবে দ্বিতীয়দিনেই বক্স অফিসে দেখা গেল সলমন ম্যাজিক। সোমবার ভারতে ছবিটির আয় মোট ৫৯.৫০ কোটি।
রবিবার ছবি মুক্তির দিন দিওয়ালি ছিল। তার উপর আবার সেদিনই ম্যাচ ছিল ভারত বনাম নেদারল্যান্ডসের। ফলত প্রথমদিন ‘টাইগার ৩’ একেবারেই আশাব্যঞ্জক ব্যবসা করেনি। তবে উৎসবের আবহে ছবিটি যে আগামী কয়েকদিন ভাল আয় করতে পারে, তেমনই ধারণা করা হচ্ছিল। সোমবারের রিপোর্ট হাতে আসতে সেটাই দেখা গেল।
ছবি মুক্তির আগে ‘টাইগার ৩’ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন সলমন খান। তিনি বলেন, “আমরা অনেক আবেগের সঙ্গে সিনেমাটি তৈরি করেছি। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দিওয়ালির উপহার।” ‘ভাইজান’-এর পাঠানো দিওয়ালির উপহার পেয়ে দর্শকরা যে ভীষণই উচ্ছ্বসিত, তা সিনেমার বক্স অফিস রিপোর্টই প্রমাণ করে দিচ্ছে।
উল্লেখ্য, ‘টাইগার ৩’ হল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। সলমন খান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও এই অ্যাকশন প্যাকড সিনেমায় ভিলেন হয়েছেন ইমরান হাশমি। এছাড়াও সিনেমাতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশনের মতো অভিনেতারা। এখন দেখার ছবিটি আগামী কয়েকদিনে কেমন ব্যবসা করে।