
আল্লু
শেষ আপডেট: 16 April 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: সুপারস্টার আল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলির আসন্ন ছবির অফিসিয়াল ঘোষণা শোরগোল ফেলে দিয়েছে অনুরাগী মহল ও ইন্ডাস্ট্রির অন্দরে। ঘোষণার ভিডিও দেখে সহজেই বোঝা যাচ্ছে, এই জুটি দর্শকদের জন্য এক বিশাল ভিজ্যুয়াল স্পেকটাকলের পরিকল্পনা করছে। ছবিটি হতে চলেছে এক বিশাল বাজেটের প্যান-ইন্ডিয়া সিনেমা, যা প্রযোজনা করছে জনপ্রিয় প্রোডাকশন হাউজ সান পিকচার্স।
এই প্রজেক্ট নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি জানা গিয়েছিল যে এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যেতে পারে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। যদিও সর্বশেষ খবরে জানা গিয়েছে, সামান্থা ছবিতে প্রধান নায়িকার চরিত্রে থাকছেন না। বরং, তাকে একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে খবর মিলেছে।
এছাড়া, এখন আলোচনায় উঠে এসেছে বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রীর নাম। সূত্র বলছে, পরিচালক অ্যাটলি বর্তমানে জাহ্নবী কাপুর, দিশা পাটানি এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন এই ছবির দুই প্রধান নারী চরিত্রের জন্য। জাহ্নবী কাপুরকে ইতিমধ্যেই এগিয়ে রাখা হচ্ছে এক নম্বর পছন্দ হিসেবে, আর বাকি একটি চরিত্রের জন্য দিশা বা শ্রদ্ধার মধ্যে একজনকে চূড়ান্ত করবেন পরিচালক।
আরও এক চমকপ্রদ তথ্য হল, এই ছবিতে বলিউডের একজন সুপরিচিত অভিনেতা অভিনয় করবেন খলনায়কের ভূমিকায়। গল্পের দিক থেকেও ছবিটি বেশ আকর্ষণীয় হতে চলেছে, কারণ এটি এক পূর্ণাঙ্গ পুনর্জন্মভিত্তিক (reincarnation) নাটক, যেখানে অতীত ও বর্তমানের টানাপোড়েনের গল্প উঠে আসবে।
এই প্যান-ইন্ডিয়া সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সাই অভ্যঙ্কর। যিনি ইতিমধ্যেই নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। সব মিলিয়ে, এই প্রজেক্ট ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে ক্রমেই। পুনর্জন্মের গল্পে সাজানো এই ছবি। পিরিয়ড ড্রামা। অ্যাটলি ছবিটিতে এমন এক অজানা জগৎ সৃষ্টি করার পরিকল্পনায় রয়েছেন যা আগে কখনও ভারতীয় ছবিতে দেখা যায়নি। আল্লু-অ্যাটলির রসায়ণ, যে ছাপ ফেলবে, তার চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবিতে রয়েছে দু’জন নায়ক। আল্লুর সঙ্গে আর কোন নায়ক থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। শুধু তাই নয়, ছবিতে রয়েছেন তিনজন নায়িকা। সূত্রের খবর, জাহ্নবী কাপুরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।