পুজো আসতে আর মাত্র ক’টা দিন বাকি। পুজোর গন্ধ, মণ্ডপের বাঁশ, কনস্ট্রাকশনের শব্দ আর মন-মাতানো গানের রিহার্সাল—সব মিলিয়ে বাঙালির সবচেয়ে বড় উৎসব যেন দরজায় কড়া নাড়ছে।

শেষ আপডেট: 4 August 2025 15:22
দ্য ওয়াল ব্যুরো: পুজো আসতে আর মাত্র ক’টা দিন বাকি। পুজোর গন্ধ, মণ্ডপের বাঁশ, কনস্ট্রাকশনের শব্দ আর মন-মাতানো গানের রিহার্সাল—সব মিলিয়ে বাঙালির সবচেয়ে বড় উৎসব যেন দরজায় কড়া নাড়ছে। আর এই পুজোতেই এক নতুন ছন্দে নেমে আসছেন কৌশানি মুখোপাধ্যায়। না, কোনও সিনেমা নয়, বরং এবারের পুজোয় দর্শককে এক নতুন চমক দিতে চলেছেন তিনি, ‘সিঙ্গেল লাইফ’ নামে এক গ্ল্যামারাস নাচের গানে!
অভিনেত্রী কৌশানিকে সাধারণত রোমান্টিক গল্প বা কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবেই চিনি। তবে এবার তিনি নিজেকে ভেঙে এক অন্য রূপে ধরা দেবেন দর্শকের সামনে। এই গানের মাধ্যমে কৌশানি যেন বলতেই চাইছেন—ভালোবাসা থাক বা না থাক, জীবনটা উদ্যাপন করার মতোই সুন্দর!
এই গান গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য। তার সুরে মিশেছে কুন্তল দে-র সঙ্গীত পরিকল্পনার ছোঁয়া। গানের পরিচালনায় রয়েছেন করন আরিয়ান। ইতিমধ্যেই রেকর্ডিং শেষ হয়েছে, চলতি মাসেই শুরু হতে চলেছে গানের শুটিং। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন প্রতিভাবান পরিচালক অংশুমান প্রত্যুষ।

‘সান ভেঞ্চার’ প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেতে চলা এই গানের পিছনে রয়েছেন প্রযোজক সানি খান ও অনুপ সাহা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অনিমেষ গরুই এবং কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সাহেব হালদার।
নিজের উচ্ছ্বাস গোপন না রাখতে পেরে কৌশানি বললেন, ‘এই পুজোর সবচেয়ে বড় গান হতে চলেছে ‘সিঙ্গেল লাইফ’। আমি জানি, দর্শকদের মন একেবারে জিতে নেবে এই গানটা। এই পুজোয় আমি প্রেমে নয়, তাল-ছন্দ আর উচ্ছ্বাসে মাতব!’
পুজোর দিনগুলো মানেই তো মুক্তির আনন্দ, নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার সময়। আর কৌশানি সেই গল্পটাই যেন গানে গানে বলতে চাইছেন। প্রেম হোক বা না হোক, ‘সিঙ্গেল লাইফ’ও যে দারুণ উপভোগ করা যায়—এই গান যেন তারই সেলিব্রেশন। এই পুজোয় কৌশানির ছন্দেই যদি নতুন করে ভালোবাসতে শেখে মন, তা হলে উৎসব তো সার্থক!