দ্য ওয়াল ব্যুরো: এই ঈদে এক স্ক্রিনে আসছেন কিং খান এবং ভাইজান। সূত্রের খবর, দিওয়ালি নয় বরং এ বছর ঈদেই নিজের পরর্বতী ছবি ‘জিরো’ রিলিজ করতে চলেছেন বলিউডের বেতাজ বাদশা। আর প্রতি বছরের মতোই এই বছরেও ঈদের দিন রিলিজ করবে ভাইজানের নতুন ছবি ‘রেস ৩’।
দুই হেভিওয়েট তারকার ছবি রিলিজ করছে একই দিনে। স্বভাবতই দর্শকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে দুই খানের অনুরাগীদের মধ্যেও। শোনা যাচ্ছে, শাহরুখের ছবি ‘জিরো’-তে নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন সলমন। আর এ খবর যদি সত্যি হয় তাহলে ২০০২ সালের ‘হাম তুমহারে হ্যায় সনম’-এর পর এই প্রথম আবার স্ক্রিন শেয়ার করবেন বলিউডের এই দুই তারকা।
বহুদিন ধরেই শাহরুখ-সলমনকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। তাহলে কি এ বার সত্যিই ফের জুটি বেঁধে পর্দা কাঁপাবেন বলিউডের করণ-অর্জুন? উত্তরের অপেক্ষায় রয়েছেন সবাই।