
শেষ আপডেট: 14 November 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো: চেনা লাগা তো দূর, না জানা থাকলে মিল খুঁজে পাওয়াই দুষ্কর! একবার দেখে আচমকা মনে হতেই পারে যে, এটা কার ছবি! যদি বলা হয়, বাংলারই একজন অভিনেতা, তাও সঠিক নাম বলতে পারে বেশ কষ্টসাধ্য। আসলে সেটাই স্বাভাবিক। অমিল হবেই না বা কেন? ছবিটি যে তাঁর ছাত্রাবস্থার।
কোনও ছবি স্কুলে পড়াকালীন তোলা, কোনওটা আবার কলেজে পড়ার সময়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও একটি ছবি তুলেছিলেন। সেটির সঙ্গে তাও বা বর্তমান মুখের মিল পাওয়া যায়। কিন্তু বাকি দু’টি দেখে চেনার উপায় নেই, কে তিনি? এই অভিনেতা এখন দুই বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী চঞ্চল চৌধুরী।
মঙ্গলবার সকালে অভিনেতা নিজের ছাত্র জীবনের তিনটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, “স্কুল,কলেজ,ইউনিভার্সিটি—অতীতগুলোই এখন বেশি মনে পড়ে। পাসপোর্ট সাইজ সেই জীবনের সরলতা এখনও খুঁজে বেড়াই!” ছবিগুলিতে চঞ্চলকে দেখতে বেশ সুন্দরই লাগছে।
উল্লেখ্য, অভিনেতা সম্প্রতি মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর জীবনের আধারে তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পদাতিক’-এর কাজ শেষ করেছেন। আপাতত সেটি বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। সব ঠিক থাকলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হবে।
এইমুহূর্তে চঞ্চল চৌধুরী দুই বাংলার একজন ব্যস্ততম অভিনেতা। বাংলাদেশে বহু বছর ধরে সিনেমা, নাটক করলেও বিগত কয়েকবছরে ‘আয়নাবাজি’, ‘কারাগার’-এর মতো সিরিজ এবং ‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি এপার বাংলাতেও জনপ্রিয় হয়েছেন। এরপর থেকেই টলিউডে চঞ্চল চৌধুরী ধীরে ধীরে ব্র্যান্ড হয়ে উঠছেন।