
‘জব উই মেট’
শেষ আপডেট: 20 April 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে ‘জব উই মেট’ মুক্তি পাওয়ার পর বলিউডে যেন এক নতুন প্রেমের ভাষা তৈরি হল। আদিত্য আর গীতের রসায়নে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শক। কিন্তু জানেন কি, এই আইকনিক চরিত্রদুটির জন্য প্রথমে ভাবা হয়েছিল অন্য এক অভিনেতা-অভিনেত্রীকে?
পরিচালক ইমতিয়াজ আলি তখনও নতুন। তবে তাঁর চিত্রনাট্য মন জয় করেছিল ববি দেওলের। ইমতিয়াজের প্রথম দিকের সফরের অন্যতম সঙ্গী ছিলেন ববিই। ছবির কনসেপ্ট শুনে এতটাই উৎসাহিত হয়েছিলেন তিনি যে শুধু নিজে অভিনয় করতে চেয়েছিলেন এমন নয়—তিনি উদ্যোগ নিয়ে খুঁজে ফেলেন প্রযোজকও। এমনকি করিনা কাপুরকে ছবির জন্য রাজি করানোর চেষ্টা করেন তিনিই।
কিন্তু করিনা তখন ‘না’ করে দেন। চিত্রনাট্য ফিরিয়ে দেন। সেই সময় ছবির প্রস্তাব যায় প্রীতি জিন্টার কাছেও। তিনিও আগ্রহ দেখাননি। এক সময় ববির স্বপ্নের মতো ছবি যেন থমকে দাঁড়ায়। তবে গল্পে মোড় আসে কিছুদিন পরে। হঠাৎ করিনা মত বদলান। চিত্রনাট্য পড়ে মত পাল্টে ফেলেন। রাজি হয়ে যান অভিনয়ের জন্য। কিন্তু তখন আর ববির জায়গায় তাঁকে রাখা হয়নি। তাঁর পরিবর্তে ছবির পুরুষ মুখ হয়ে ওঠেন শাহিদ কাপুর।
শুধু পর্দার রসায়নই নয়, ‘জব উই মেট’-এর শ্যুটিং চলাকালীন বাস্তবেও আলাদা হয়ে যান শাহিদ-করিনা। তবে তাঁদের ব্যক্তিগত দুঃখ-বেদনাকে একবারের জন্যও পর্দায় ছায়া ফেলতে দেননি কেউ। তাঁদের পেশাদারিত্বে মুগ্ধ হয়েছিল বলিউড।
সম্প্রতি এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ববি দেওল। অকপট স্বীকার করেছেন, “আমি ভীষণ চেষ্টা করেছিলাম যেন এই ছবি তৈরি হয়। ইমতিয়াজের উপর আমার কোনও ক্ষোভ নেই।” যে ছবির জন্য তিনি সব রকম চেষ্টায় ছিলেন, সেই ‘জব উই মেট’ শেষমেশ ইতিহাস হয়ে যায় শাহিদ-করিনার নামে। অথচ, এক সময় সেটাই ছিল শুধু ববির স্বপ্ন।