দিনভর খবরের ভিড়ে সময় কাটে যাদের তাঁদেরও তো সাধ জাগে, ইচ্ছে হয় কোনও এক হিমেল রাতে নিজেকে মেলে ধরার খানিক অন্যভাবে।

শেষ আপডেট: 21 December 2025 21:41
দ্য ওয়াল ব্যুরো: হুট করে হওয়া প্ল্যানের বোধহয় আলাদাই মাধুর্য থাকে। বাতিলের বাহানা, কাজের দোহাই এড়ানো যায় সহজেই। দিনভর খবরের ভিড়ে সময় কাটে যাদের তাঁদেরও তো সাধ জাগে, ইচ্ছে হয় কোনও এক হিমেল রাতে নিজেকে মেলে ধরার, খানিক অন্যভাবে। হোক না তাঁদের পেশা সাংবাদিকতা, বেরুটিন কয়েক ঘণ্টা, মন্দ কী?

এই যেমন শনিবার অর্থাৎ ২০ ডিসেম্বর দ্য ওয়াল পরিবারকে নিয়ে শহরের বুকে হয়ে গেল উইন্টার পার্টি। একেবারেই ছিমছাম পার্টি ছিল আদপে নির্ভেজাল আড্ডার আসর।
না বলা কথা, জমানো গল্পকে উজাড় করার দিন ছিল শনিবার। দ্য ওয়াল পরিবারের এই ছোট্ট আয়োজনে দেখা মিলল টলিতারকাদের। বা বলা ভাল, এই আনন্দে সামিল হলেন তাঁরাও। সময় বার করলেন আমাদের জন্য।
উত্তুরে হাওয়া খানিক বেশিই বইছিল সে রাতে। কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করেই হাজির হয়েছিল অনির্বাণ চক্রবর্তী।

রাত বাড়তে একে একে সামিল হলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, পার্নো মিত্র, উষসী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, পঙ্কজ লাডিয়া, অনন্যা বন্দ্যোপাধ্যায়সহ এক ঝাঁক চেনা মুখ। হাজির ছিলেন শতরূপ ঘোষ, পৌষালী বন্দ্যোপাধ্যায়, দুর্নিবার সাহাসহ অনেকেই।

হাজির ছিলেন খোদ ইন্ডাস্ট্রিও।এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সাক্ষাৎকার নয়, ছবির প্রচারও নয়, দ্য ওয়ালের ডাকেই এসেছিলেন 'মনের মানুষ'।
এক অন্যরকম সন্ধে ছিল সেদিন। ব্রেকিং, লাইট, ক্যামেরার আড়ালে স্মৃতি তৈরি করেছি আমরা, মুহূর্তকে করেছি পকেটবন্দী। এমন দিন কি আর রোজ রোজ আসে?
