
শেষ আপডেট: 26 January 2024 20:16
অমল সরকার
এবার প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধেয় পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা হয়েছে। বরাবরই তাই হয়। বাঙালির গর্বের বিষয় যে এবার পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছে এই বাংলার অনেকের নাম। মিঠুন ও ঊষা উত্থুপকে পদ্মভূষণে সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পদ্মশ্রী পাচ্ছেন পুরুলিয়ার দুখু মিঞাঁ, মুখোশ শিল্পী নেপাল সূত্রধর এবং কোচবিহারের গীতা রায়বর্মন।
ঘটনাচক্রে এই পাঁচ জনের জন্য পদ্ম পুরস্কারের মেডেল কলকাতাতেই তৈরি হবে। স্বাধীনোত্তর সময়ে ১৯৫২ সালে কলকাতায় তৃতীয় টাঁকশালটি তৈরি হয়েছিল। যার পোশাকি নাম ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট। এখানেই তৈরি হবে এবারের সমস্ত পদ্ম পুরস্কার। বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরকে এবার মরণোত্তর ভারত রত্ন দেওয়া হবে। সেই পদকও তৈরি হবে কলকাতাতেই।
এ ব্যাপারে দ্য ওয়ালকে কলকাতা টাঁকশালের বুলিয়ান অ্যাকাউন্ট্যান্ট সুজয় বর্মন ও মলয় দত্ত জানিয়েছেন, কলকাতা টাঁকশালে বহু রকমের কাজ হয় সারা বছর ধরে। বহিঃশুল্ক দফতর যে সব সোনা বা মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করে, আদালতে মামলার নিষ্পত্তির পর সেগুলি গলিয়ে ফেলা হয় এই টাঁকশালে। তার পর পিউরিটি মেপে ধাতব বাট তৈরি করে রিজার্ভ ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়।
অযোধ্যায় রাম লালা যে সব সোনা দানা তথা মূল্যবান ধাতু প্রণামী পাবেন সেগুলিও কলকাতা টাঁকশালে আনা হচ্ছে। ওই সব মূল্যবান ধাতুরও পিউরিটি চেক করে সেগুলি থেকে বাঁট বানিয়ে রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হবে।
সুজয়বাবু জানিয়েছেন, কলকাতার টাঁকশালে সারা বছর ধরে গ্যালান্ট্রি ও নন গ্যালান্ট্রি পদক তৈরি হয়। গ্যালান্ট্রি পদক মানে সাহসিকতার জন্য সেনাবাহিনী বা আধা সেনা ও পুলিশ বাহিনীর জন্য যে পুরস্কার দেওয়া হয়। যেমন পরমবীর চক্র, বীর চক্র, সেবা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল ইত্যাদি। সেই সঙ্গে নাগরিক সম্মানের জন্য যে সব পদ দেওয়া হয় যেমন ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী—সবই কলকাতার টাঁকশালে তৈরি হয়। এ ছাড়া বিভিন্ন কর্পোরেশন অনেক সময়ে স্মারক পদক তৈরি করে। সেই পদকও তৈরি হয় কলকাতা মিন্টেই।