
শেষ আপডেট: 27 May 2023 07:42
দ্য ওয়াল ব্যুরো: সিনেমা মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক, সমালোচনা ছিল তাঁর নিত্যসঙ্গী। তার উপর ছবির প্রচারের সময় বড়সড় দুর্ঘটনার মুখেও পড়েছিলেন। সবমিলিয়ে গত কয়েক সপ্তাহে বড় ধকল গিয়েছে 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) পরিচালক সুদীপ্ত সেনের (Sudipto Sen) উপর দিয়ে। এবার ফের তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

পরিচালকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, টানা কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছিলেন সুদীপ্ত সেন। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অসুস্থতা খুব একটা গুরুতর নয়। পরিচালক যদিও বলেছেন, "হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছি। চিকিৎসকরা বেশি স্ট্রেস নিতে বারণ করেছেন। তাই আপাতত কয়েকদিন টানা বিশ্রামে থাকতে হবে।"
গত সপ্তাহে বাংলায় 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই ছবির প্রচারে রাজ্যে এসেছিলেন পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। তাঁর ছবির উপর রাজ্য সরকারের কঠোর পদক্ষেপ করা নিয়ে রীতিমতো তুলোধনা করেছিলেন। এরপর আরও কয়েকটি রাজ্যে গিয়েছিলেন ছবির প্রচারে। চিকিৎসকদের দাবি, এই টানা কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
উল্লেখ্য, বাংলায় 'দ্য কেরালা স্টোরি' ব্যান করার পরই পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছিলেন, তাঁরা আইনি পথে হাঁটবেন। সুদীপ্ত সেন বলেছিলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী এই ছবি না দেখেই নিষিদ্ধ ঘোষণা করেছেন। অন্য কোথাও এই ছবি প্রদর্শন নিয়ে হিংসা ছড়ায়নি। বাংলাতেও কিছু হয়নি। এই ছবি নিষিদ্ধ করার পিছনে শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েছে।"
নওয়াজের নিশানায় 'দ্য কেরালা স্টোরি', নাম না করে বিঁধলেন সুদীপ্ত সেনকে