
শেষ আপডেট: 27 March 2022 11:02
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির পর থেকেই পিছু নিয়েছে বিতর্ক। আর সেই বিতর্কই যেন আরও বেশি করে লক্ষ্মীলাভ করাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে (RRR vs Kashmir Files)। বক্স অফিসে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটি। এমনকি দক্ষিণী টলিউডের দাপটও ‘কাশ্মীর ফাইলস’কে ফিকে করতে পারেনি।
আরও পড়ুন: রাম চরণের কেরিয়ারবেস্ট, সেরার সেরা 'আরআরআর', প্রশংসায় ভরিয়ে দিলেন আল্লু অর্জুন
শুক্রবার মুক্তি পেয়েছে তেলেগু ছবি ‘আরআরআর’। ছবিটি প্রথম দিনের বিশ্ব বাজারে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ২২৩ কোটির ব্যবসা করেছে এসএস রাজামৌলির এই ছবি। কিন্তু দেখা যাচ্ছে, ‘আরআরআর’-এর দাপটের মাঝেও স্বমহিমায় বিরাজমান ‘দ্য কাশ্মীর ফাইলস’।
কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যার ঘটনা নিয়ে তৈরি এই ছবিটি দেশের রাজনীতিতে শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে। বিজেপিশাসিত বেশ কিছু রাজ্যে প্রথম থেকেই ছবিটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। অসম, মধ্যপ্রদেশের মতো কিছু রাজ্যে সরকারি কর্মীদের ছুটি দেওয়া হয়েছে এই ছবি দেখার জন্য। আবার বাংলার অনেক বিজেপি নেতা দল বেঁধে সিনেমা হলে গিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেও এসেছেন। শুরু থেকেই এত বিতর্ক যাকে ঘিরে সেই ছবিতে ঠিক কী আছে তা দেখতেই দলে দলে হল ভরিয়েছেন সাধারণ মানুষ, বক্স অফিসে ফুলে ফেঁপে উঠেছে কাশ্মীর ফাইলস।
দেখা যাচ্ছে, ‘আরআরআর’ যখন বক্স অফিসে ঝড় তুলেছে তখনও ‘কাশ্মীর ফাইলস’এর ব্যবসা মন্দ নয়। বিবেক অগ্নিহোত্রীর ছবিটি প্রথম দুই সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার করেছে হেসেখেলে। শনিবারও মোট বক্স অফিস কালেকশন ৭.২৫ কোটি হয়েছে। এই নিয়ে মাঝারি বাজেটের কাশ্মীর ফাইলস নয় নয় করেও ২১৯.০৮ কোটি টাকার ব্যবসা করে ফেলল। তৃতীয় উইকেন্ডের শেষে এই ছবির কালেকশন ২২৫ কোটি ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।