
শেষ আপডেট: 8 August 2022 15:28
দ্য ওয়াল ব্যুরো: তাঁর রূপের নাকি বারোটা বেজে গেছে। চেনা-পরিচিত যাঁরা ছিলেন কেউ নাকি আজকাল আর তাঁকে দেখলেও চেনেন না। তসলিমা নাসরিন (Taslima Nasrin) নিজেই জানালেন এলিয়েনের জীবন যাপন করছেন তিনি।
ভারত হোক বা বাংলাদেশ কিংবা পাকিস্তান, যে কোনও বিতর্কে তসলিমার ফেসবুক পোস্ট বাঁধাধরা। সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে নিজের মন্তব্য ছুড়ে দেন তিনি, কখনও কুণ্ঠাবোধ করেন না। বরং ‘ঠোঁটকাটা’ হিসেবে তাঁর পরিচিতি আছে। কিন্তু সম্প্রতি নিজের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন তসলিমা নাসরিন, সেই ফেসবুকেই।
তসলিমা সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে নিজেরই চারটি ছবি পোস্ট করেছেন। সে ছবিগুলিতে তাঁর চেহারার শীর্ণতা চোখে পড়ার মতো। গত কয়েক বছরে অনেকখানি ওজন ঝরিয়ে ফেলেছেন তসলিমা, ছবিতেই তা স্পষ্ট।
এই ছবির সঙ্গেই ক্যাপশনে তসলিমা লিখেছেন, রূপের বারোটা বেজেছে। ২৪ কিলো ওজন কমার পর ত্বকের বিকট রিংকল ফুটে বেরোচ্ছে চারদিক থেকে। বয়সও তো কম হলো না বাপু! এখন আয়নায় আর নিজেকে চিনতে পারি না।
তাহলে কি বিদেশে খুব খারাপ আছেন তসলিমা? তাঁর শরীর মন সব কি খারাপ হয়েছে?
না, তা নয়। ওই পোস্টে তসলিমা জানিয়েছেন, তিনি দারুণ ভাল আছেন। মেজাজ ফুরফুরে। লিভার ভাল আছে, রক্তচাপ নেই, ডায়াবেটিসও উবে গেছে এক্কেবারে। ‘বিন্দাস’ আছেন তসলিমা।
এরপরেই তিনি জানিয়েছেন চেনা-পরিচিতরা আর এখন তাঁকে দেখলেও চিনতে পারেন না। তা অবশ্য একরকমভাবে উপভোগই করছেন লেখিকা। জানিয়েছেন, এতে তিনি এলিয়েনের মতো জীবন যাপন করার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: আমার সেক্স লাইফ আকর্ষণীয় নয়, তাই করণের শো-তে ডাক পাই না: তাপসী