
শেষ আপডেট: 4 July 2023 09:03
ভাল সিনেমা বানানোর উপায় কী? কোথায় লুকিয়ে সাফল্যের চাবিকাঠি? বলিউডের প্রখ্যাত পরিচালক রাজশ্রী প্রোডাকশনের সুরজ বরজাতিয়াকে (Sooraj Barjatya) সেই টিপস দিয়েছিলেন বাংলার তরুণ মজুমদার (Tarun Majumder)। বলেছিলেন, 'ভাল সিনেমা বানাতে হলে স্ক্রিপ্টকে সঙ্গে নিয়ে ঘুমাও। জীবনসঙ্গীর মতো তাকে ভালবাসো।'

বেশ কয়েকবছর আগে একটি সাক্ষাৎকারে সুরজ বলেছেন, তখন আটের দশকের প্রায় শেষ দিক। তিনি নিজের প্রথম ছবি 'ম্যায়নে পেয়ার কিয়া' (Maine Pyar Kiya) তৈরির কাজে হাত দিচ্ছেন। এমন সময় একদিন তাঁদের বাড়িতে আসেন তরুণবাবু। তখন সুরজের বয়সও কম। অভিজ্ঞতাও তেমন নেই। তাই রাজশ্রী প্রোডাকশনের তৎকালীন ডিরেক্টর রাজকুমার বরজাতিয়া অর্থাৎ সুরজের (Sooraj Barjatya) বাবা তরুণ মজুমদারের কাছে অনুরোধ করেন, ছেলেকে দয়া করে কিছু টিপস দিন।

নতুন ছাত্র পেয়ে তরুণবাবুও (Tarun Majumder) শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন সুরজের মধ্যে। বলেছিলেন, সৎভাবে দর্শককে গল্প বলো। আর নিজের সিনেমার স্ক্রিপ্টকে একেবারে জীবনসঙ্গীর মতো ভালবাসো। তাকে সঙ্গে নিয়ে ঘুমাও। আসলে চিত্রনাট্যের সঙ্গে পরিচালকের বন্ধন যত দৃঢ় হবে, ততই ভাল হবে গল্পের বাঁধন। 'ম্যায়নে পেয়ার কিয়া'-র (Maine Pyar Kiya) কাজ শুরুর আগে সেই কথাই সুরজকে বুঝিয়ে দিয়েছিলেন তরুণ মজুমদার (Tarun Majumder)।

স্ক্রিপ্ট পাশে নিয়ে ঘুমানোর কথা সুরজ বরজাতিয়া (Sooraj Barjatya) শুনেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি, তবে দর্শককে সৎভাবে গল্প যে তিনি বলতে পেরেছিলেন তা ছবিটি মুক্তির পরেই বোঝা গিয়েছিল। ১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর 'ম্যায়নে পেয়ার কিয়া' (Maine Pyar Kiya) মুক্তির পরেই রাতারাতি সুপারহিট তকমা পায়। একইসঙ্গে স্টার বনে যান সদ্য বলিউডে পা রাখা নায়ক সলমন খানও।
তরুণ মজুমদার (১৯৩১-২০২২): কানন দেবীর শিক্ষানবীশ থেকে বাঙালির 'ভালবাসার অনেক নাম'