
মৌসুমী নন্দিনী
শেষ আপডেট: 28 April 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: উত্তমকুমারের প্রস্থানের পর বাংলা ছবিতে যে নায়কের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের গান সর্বাধিক হিট, তিনি তাপস পাল (Tapas Pal)। আবার হেমন্ত পুত্রবধূ মৌসুমী চট্টোপাধ্যায় (Mousumi Chatterjee) বম্বে থেকে কলকাতা এসে তাপস পালের বিপরীতে নায়িকা হয়ে একাধিক ছবি করেছেন।
প্রায় এক দশক পর মৌসুমী বাংলা ছবি করলেন 'আড়ি'। কলকাতাতে ছবির প্রিমিয়ারেও হাজির ছিলেন বালিকা বধূ। সেই প্রিমিয়ারে এসেছিলেন তাপস পালের স্ত্রী নন্দিনী ও কন্যা সোহিনী। কিন্তু মৌসুমীর প্রিয় হিরো তাপস পাল আজ আর নেই। প্রয়াত তাপস পাল না থেকেও স্ত্রী আর পর্দার প্রেমিকাকে এক করে দিলেন।

তরুণ মজুমদার আবিষ্কার করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায় আর তাপস পাল দু'জনকেই। ১৯৬৭ সালে 'বালিকা বধূ' ছবি দিয়ে মৌসুমীর যাত্রা শুরু। অন্যদিকে ১৯৮০ সালে 'দাদার কীর্তি' ছবি দিয়ে তাপস পালের অভিষেক হয় বাংলা ছবিতে।

মৌসুমী তাপসের থেকে বয়সে বেশ কিছুটা সিনিয়র। কিন্তু জুটি হিসেবে তাঁদের বেমানান লাগেনি কখনও। প্রথম পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় ১৯৮৯ সালে মৌসুমী আর তাপসকে জুটি করে ঐতিহাসিক ছবি করেন 'কড়ি দিয়ে কিনলাম'। সতীর ভূমিকায় মৌসুমী চট্টোপাধ্যায় আর নায়ক দীপঙ্করের চরিত্রে তাপস পাল। সতী আর দীপু, এই দুটি চরিত্রে তাপস পাল আর মৌসুমী চট্টোপাধ্যায় আইকনিক হয়ে যান। তবে পর্দায় মিল হয়নি সতী আর দীপুর। সাধারণ মধ্যবিত্ত দীপুকে ছেড়ে বাবার আদেশে সতীর বিয়ে হয়ে যায় ধনী পরিবারে। সতীর বর তাঁর মামণির কথায় ওঠেবসে। সুখের সংসার হয় না সতীর। এদিকে দীপুও আর অন্য কারও সঙ্গে সংসারী হতে পারে না। কিন্তু আজও সতী আর দীপু, চরিত্র দুটি বাঙালির মনে অক্ষয় অমর হয়ে আছে।
এরপর আবার বীরেশ চট্টোপাধ্যায়ের 'মন ময়ূরী' ছবিতে একসঙ্গে জুটি বাঁধেন মৌসুমী-তাপস। এরপর 'বৌঠান', 'ঋণমুক্তি' ছবিতেও ছিলেন এই জুটি।

পরবর্তী কালে তরুণ মজুমদারের 'ভালবাসার অনেক নাম' ছবিতে আবার একসঙ্গে মৌসুমী-তাপস অভিনয় করেন। যদিও এই ছবিটি বক্সঅফিস সাফল্য পায়নি।
২০২০ সালে প্রয়াত হন তাপস পাল। অন্যদিকে মৌসুমীও কয়েক বছর আগে হারিয়েছেন তাঁর বড় মেয়ে পায়েলকে। তারপর আর কাজে ফিরতে পারছিলেন না মৌসুমী। শেষ অবধি, যশ দাশগুপ্ত ও নুসরৎ জাহানের অনুরোধে, তাঁদের প্রযোজনায় জিৎ চক্রবর্তীর পরিচালনায় মৌসুমী ফিরলেন বাংলা ছবি 'আড়ি'তে।
২৫ এপ্রিল 'আড়ি'র প্রিমিয়ারে মৌসুমীর মুখোমুখি হলেন তাপস পাল জায়া নন্দিনী পাল ও সোহিনী পাল। এতদিন তো তাঁদের মধ্যে ছিলেন তাপস পাল। কিন্তু আজ আর তাপস না থাকলেও তাঁর কথাই বলতে লাগলেন রিল লাইফের প্রেমিকা আর রিয়েল লাইফের স্ত্রী। দু'জন দু'জনকে আলিঙ্গনও করলেন মৌসুমী-নন্দিনী। নতুন ছবির প্রিমিয়ারে কথায় কথায় ভেসে এল পুরনো দিনের অনেক সোনালি কথা।

'বালিকা বধূ'র মতোই লাল শাড়িতে সেজে এসেছিলেন মিষ্টি মৌসুমী। নন্দিনী পরেছিলেন হলুদ কুর্তি। দু'জনের ঝলমলে হাসি ভুলিয়ে দিল না থাকা মানুষদের কষ্ট। তাপস কন্যা সোহিনী আর মৌসুমী কন্যা মেঘার বন্ধুত্বেরও রি-ইউনিয়ন হল। 'আড়ি' নয় ভাবের উৎসব জমে উঠল পুরনো নস্ট্যালজিয়ায়।