
শেষ আপডেট: 13 October 2023 17:31
দ্য ওয়াল ব্যুরো: বড় বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এমনিতে তাঁকে নিয়ে বিতর্কের কোনও শেষ নেই। কখনও প্রাক্তন স্বামীর সঙ্গে অশান্তি, কখনও হজ থেকে ফিরে বিতর্কিত মন্তব্য—তিনি সবসময় পেজ থ্রি’র শিরোনামে। এবার তাঁর নামে থানায় গিয়ে এফআইআর দায়ের করলেন এক বাঙালি অভিনেত্রী। অভিযোগ, রাখি একসময় তাঁকে মানসিকভাবে হেনস্থা করেছেন। সেই অভিনেত্রীর নাম তনুশ্রী দত্ত। যাঁকে হাতেগোনা কয়েকটি হিন্দি ছবিতে দেখা গিয়েছে।
‘আশিক বানায়া আপনে’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। আর প্রথম ছবিতেই রীতিমতো ঝড় তুলেছিলেন নায়িকা। এরপর তাঁর কেরিয়ার গ্রাফ মোটের উপরেই চলেছে। কিন্তু এরপর হঠাৎই যেন হারিয়ে যান তনুশ্রী দত্ত। মিটু আন্দোলনের সময় তাঁর দিকে অভিযোগ এনেছেন রাখি। সেই নিয়েই তনুশ্রী এবার পাল্টা এফআইআর করলেন। অভিনেত্রীর অভিযোগ, রাখি সাওয়ান্ত তাঁকে মানসিকভাবে হেনস্থা করেছে। এরফলেই তিনি ছবির জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন একটা সময়।
শুক্রবার সকালে মুম্বইয়ের ওশিওয়ারা পুলিশ স্টেশনে গিয়ে তনুশ্রী রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিনেত্রী বলেন, ‘‘আমি পুলিশের কাছে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ দায়ের করেছি। ২০১৮ সালে মিটু আন্দোলনের সময় উনি আমায় মানসিকভাবে হেনস্থা করেছিলেন। এছাড়াও আরও নানারকম কারণ আছে। তাই সবমিলিয়ে একাধিক মামলা করেছি।’’ এরপর তনুশ্রী আরও বলেন, “রাখি আমাকে নিয়ে যা যা মন্তব্য করেছেন সেগুলোর প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি আমরা। এবার ওঁকে আর ছাড়ব না।”
অভিযোগের এখানেই শেষ নয়। তনুশ্রী এরপর আরও বলেন, “ওঁর জন্যই আমার বদনাম হয়েছে। এমনকী আমার বিয়ে ভাঙার জন্যও রাখি সাওয়ান্তই দায়ী।” কিন্তু এতবছর পর কেন রাখির নামে অভিযোগ করলেন? আরও আগে কেন করলেন না? প্রশ্নের জবাবে তনুশ্রী বলেছেন, “২০১৮ সালে রাখি আমায় নিয়ে নোংরা এবং নিম্নমানের ভিডিও বানিয়ে আমায় মানসিকভাবে একেবারে ভেঙে দিয়েছিল। আমি ওঁর জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে এবার ফিরে এসেছি। সমস্ত অপমানের বদলা নেব।”