
শেষ আপডেট: 28 October 2020 15:37
এই বইটি লেখার সময় তাহিরা তাঁর জীবনের কঠিন লড়াইয়ের কথাগুলোও লিখেছেন। চিকি সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা লিখেছেন তাঁর বইতে। এর সঙ্গে তিনি আরও বলেন, যে এই বইটি লেখার পেছনে রয়েছে একটি সৎ ইচ্ছা। মনের সবটুকু দিয়ে তিনি এই বইটি লিখেছেন।
জানা গেছে, মেয়েদের জীবনের যে নানা স্তর রয়েছে তাকে নিয়েও তিনি এই বইতে আলোচনা করেছেন। তাহিরা নিজে বলিউডে সিনেমার স্ক্রিনপ্লে লেখা থেকে পরিচালনা সবটাই সামলেছেন। তিনি লেখেন, "আমি বিশ্বাস করি একটি মেয়ের জীবনে অনেকগুলো স্তর থাকে। তাই নিজের জীবন নিয়ে লেখার অনেক কিছুই থাকে আমাদের।"
জীবনের লড়াই বলতে গিয়ে তিনি অনেক কথা বলেন। তাঁর ইনস্টা হ্যান্ডেলেও রয়েছে তাঁর প্রমাণ। উন্মুক্ত পিঠ, তার মধ্যে ক্যানসারের ক্ষত স্পষ্ট। ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবসে এমনই একটি ছবি পোস্ট করেন লেখিকা তথা অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ।
ছবি পোস্ট করে তাহিরা লিখেছেন, ''আজ বিশ্ব ক্যানসার দিবস। আশা করি আজকের দিনটা আমার মতোই সকল ক্যানসার আক্রান্তরাই দ্বিধাহীন চিত্তে এই দিনটা সেলিব্রেট করবেন। ক্যানসারকে নিয়ে সমস্তরকম কুসংস্কার, ভয় যেন দূর করতে পারি। সকলের মধ্যে যেন ক্যানসার নিয়ে সচেতনতা প্রসার করা যায়। যাই হোক না কেন, আমরা যেন নিজেদের ভালবাসতে পারি। আমি সমস্ত ভয়কে জয় করেছি। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। এই ক্ষত আমার কাছে অহংকার। তাই আমি নিজে ঠিক যেমন, নিজেকে সেভাবেই গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আসল আনন্দ। এই ছবিটা সকলের সঙ্গে শেয়ার করার অর্থ ক্যানসারের সঙ্গে লড়াইকে সেলিব্রেট করা।''
তাঁর এই লড়াইয়ের গল্প হয়ে উঠেছে হাজারও মানুষের অনুপ্রেরণা। এই বইতেও উঠে এসেছে সেই লড়াইয়ের কাহিনি, যে আপনারও চোখের কোণে জল আনবে। একইসঙ্গে বাড়িয়ে দেবে মনের জোরও।
এই বইটির আরও একটি দিক রয়েছে, যেখানে তাহিরা বলেছেন বাচ্চাদের থেকেও কখনও কখনও ভাল থাকা পাঠ পড়ে নেওয়া যেতে পারে। তিনি জানান তাঁর মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট গভীর ছিল। তবে তাঁর বাবা যেহেতু বাইরে কর্মরত ছিলেন, তাই বাবার থেকে সময় কম পেতেন। তিনি বাচ্চাদেরকে সময় দেওয়া, গুড পেরেন্টিংয়ের ওপর জোর দিয়েছেন।
পাশাপাশি, এটাও বলেন যে তাঁকে স্টার ওয়াইফের তকমা দেওয়া হয়। কিন্তু তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপনই পছন্দ করেন।