
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 February 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পর্দায় অজয় দেবগণ ও তব্বুর রসায়ন বরাবরই দর্শকদের মন জয় করেছে। তবে শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও তাঁদের বন্ধুত্ব নজরকাড়া। ছোটবেলা থেকেই একে অপরের পরম সঙ্গী তাঁরা। কিন্তু সেই অজয় যখন বাবা হলেন, তখন যেন তব্বুর কাছে ঘটনাটি ছিল একেবারে অবিশ্বাস্য!
অজয় দেবগণ ও কাজলের প্রথম সন্তান নাইসাকে প্রথমবার দেখার পর তব্বুর প্রতিক্রিয়া ছিল একেবারে অন্যরকম। তিনি অবাক হয়ে বলেছিলেন, 'অজয় বাবা হয়ে গেল!' যেন সত্যিটা মানতে পারছিলেন না তিনি। তব্বু আরও বলেছিলেন, 'নাইসাকে প্রথমবার ফানা-র শ্যুটিংয়ে দেখেছিলাম। তখন ও একদম ছোট্ট। ওকে দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। মনে হয়েছিল, ‘হে ভগবান, এ আমার বন্ধুর মেয়ে’।'
অজয় ও তব্বুর বন্ধুত্ব নিয়ে বলিউডে বহু গুঞ্জন রয়েছে। অনেকে মনে করেন, অজয়ের প্রতি মনের টানেই নাকি তব্বু কখনও বিয়ে করেননি। যদিও এই ব্যাপারে কোনওদিনই মুখ খোলেননি তাঁরা। বরং তাঁদের বন্ধুত্বের সমীকরণ বরাবরই থেকে গিয়েছে একইরকম।
নাইসার চেহারা, হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি— সব কিছুতেই রয়েছে অজয়ের ছাপ। তব্বু মজার ছলে বলেছিলেন, “নাইসা একেবারে অজয়ের কার্বন কপি। ওকে দেখলে মনে হয়, এ যে অজয়ের মেয়ে না হয়ে যায় না!” এমনকি তব্বুর মা-ও নাকি নাইসাকে দেখে বলেছিলেন, “সবই অজয়ের মতো! একদম কার্বন কপি।”
তব্বু একবার মজার ছলে বলেছিলেন, অজয় নাকি তাঁকে আগলে রাখতেন এতটাই যে কারও কাছে ঘেঁষতে দিতেন না! বন্ধুর প্রতি এমন যত্নশীল মনোভাবের কারণেই তব্বু তাঁকে ‘সাইলেন্ট বুলি’ বলে ডেকেছিলেন।
১৯৯৪ সালে ‘বিজয়পথ’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন অজয় ও তব্বু। তারপর বহু হিট ছবিতে তাঁদের জুটি প্রশংসিত হয়েছে। ‘দৃশ্যম’, ‘গোলমাল এগেইন’, ‘দে দে পেয়ার দে’, ‘দৃশ্যম ২’, ‘ভোলা’-র মতো ছবিতে তাঁদের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অজয়-তব্বুর বন্ধুত্ব ও পর্দার রসায়ন আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয়।